ফেসবুক ইউটিউব টুইটারে বাংলাদেশ ব্যাংক

ফেসবুক, ইউটিউব ও টুইটার যুক্ত হলো বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ ব্যাংক সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন গেটওয়ে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন গভর্নর আতিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান। এতে ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম ও এস. কে. সুর চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে একটি টুইট বার্তা পোস্ট করেন। গভর্নরের টুইটের পর ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরপর ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম একটি ক্লিক করে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ইউটিউব চালু করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম তিনটির ঠিকানা হলো টুইটারের জন্যে https://twiter. com/BBGovernor, ইউটিউবের জন্যে BangladeshBankChannel ও ফেসবুকের জন্য https://www. facebook. com/BangladeshBankOfficial.
এই সামাজিক যোগাযোগ গেটওয়ে বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করে কনসালটেন্সি এজেন্সি ইন্সপাইরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের রেসিডেন্ট ম্যাক্রোপ্রুডেনশিয়াল এ্যাডভাইজার গ্লেন টাস্কি, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার ও বিকাশ-এর প্রধান নির্বাহী কামাল কাদির। এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।