ফেসবুক এখন ওয়ালমার্টের চেয়েও দামি

অবিশ্বাস্য হলেও সত্য, ফেসবুকের মূল্য এখন বিশ্বের বৃহত্তম রিটেইলার ওয়ালমার্টের চেয়েও বেশি। পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই মোট মূল্যমানের হিসেবে ওয়ালমার্টকে পেছনে ফেলেছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের প্রতিষ্ঠানটি। খবর আইএএনএসের।
গত বছর ফেসবুকের শেয়ারের দাম ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এতে ফেসবুকের বাজার মূল্য ৬ হাজার ৫০০ কোটি (৬৫ বিলিয়ন) মার্কিন ডলার বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। ওয়ালমার্টের বর্তমান বাজার মূল্য ২৩ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।
যদিও বাজার মূল্য হিসেবে অন্য প্রতিষ্ঠানকে টপকে যাওয়ার ঘটনা খুব বেশি অপরিচিত নয়, তবে অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হতে পারে। কারণ, অর্থনৈতিক অবদানের দিক বিবেচনায় ফেসবুকের চেয়ে অনেক এগিয়ে ওয়ালমার্ট। অবশ্য লেনদেনের বিবেচনাতেও ফেসবুকের চেয়ে এগিয়ে ওয়ালমার্ট। ওয়ালমার্টের বার্ষিক বিক্রয় প্রতিবেদন বলছে, তারা গত বছরে ৪৭ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রি করেছে। সেখানে ফেসবুকের আয় ছিল এক হাজার ২৫০ কোটি মার্কিন ডলার।
বিনিয়োগকারীদের মনে করছেন এখন বাজার পরিবর্তন হয়ে গেছে, প্রযুক্তির বিষয়গুলোতে অর্থনৈতিক গুরুত্ব বাড়ছে।
বর্তমানে বাজার মূল্যমানের দিক থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিষ্ঠান অ্যাপল ও মাইক্রোসফট। শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিতে লড়াই করছে গুগল।