সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক যেমন জনপ্রিয়, বার্তা আদান-প্রদানে তেমনই জনপ্রিয় ফেসবুকের মেসেঞ্জার। জনপ্রিয়তা বৃদ্ধির রেশ ধরেই নানা সুবিধাও হালনাগাদ করছে মেসেঞ্জার। সে ধারাতেই এবার নতুন আঙ্গিকে মেসেঞ্জার প্ল্যাটফর্ম ২.১ উন্মোচন করেছে ফেসবুক। ডেভেলপার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এতে নতুন নকশা এবং নতুন সুবিধা যোগ করা হয়েছে।
এতে স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণ (এনএলপি) সুবিধাসহ অর্থ লেনদেনের ব্যবস্থা থাকছে। এ ছাড়া মেসেঞ্জারের নতুন এই সংস্করণে গ্রাহকের সাধারণ প্রশ্নগুলোর উত্তর স্বয়ংক্রিয়ভাবেই দিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এনএলপি প্রযুক্তি সরবরাহ করবে উইট-ডট-এআই। প্রতিষ্ঠানটিকে ২০১৫ সালে কিনে নেয় ফেসবুক। মানুষের ভাষা কম্পিউটারের বোধগম্য করে তোলার অ্যালগরিদম হলো স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণ বা এনএলপি।
মেসেঞ্জারে এই ভাষা প্রক্রিয়াকরণ আগেও ছিল। দিনের কোনো সময়ের কথা উল্লেখ করলে বা কোনো তারিখের কথা উল্লেখ করলেই এনএলপি তা ক্যালেন্ডারে লিপিবদ্ধ করতে পরামর্শ দিত। সেই ক্ষুদ্র পরিসরের এনএলপিরই ব্যাপ্তি বৃদ্ধি করা হচ্ছে মেসেঞ্জার প্ল্যাটফর্ম ২.১-এ।
এতে অর্থ লেনদেন বা পেমেন্ট করার সুবিধাটি এখন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ ছাড়া ডেভেলপারদের জন্য মেসেঞ্জারে কিছু বিশেষ বোতাম জুড়ে দেওয়া হয়েছে। সাহায্য কিংবা হালনাগাদ করার বোতামের পাশাপাশি থাকছে কেনাকাটা, গেম খেলা এবং নতুন কোনো সুবিধা চালু করার বোতামও।
শাওন খান, সূত্র: গ্যাজেটস নাউ