ফেসবুক ও টুইটারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে উপেক্ষা করতে পারেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি তাৎক্ষণিক ছোট বার্তার ওয়েবসাইট টুইটারে একটি ঠিকানা খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কোনো সরকারি দপ্তরের এটিই এ ধরনের প্রথম প্রয়াস। ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোলা এই একাউন্টে যোগ দিয়েছে বেশ কিছু মানুষ। ফেসবুকেও পররাষ্ট্র মন্ত্রণালয় আর একটি একাউন্ট খোলার চিন্তা ভাবনা করছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রকের পাবলিক ডিপ্লোাম্যাসি বিভাগ এই নতুন ওয়েব পোর্টালটি খোলার কাজ করছে। তবে সরকারি কর্তারা এটি নিয়ে বিশেষ প্রচার চাইছেন না। তাঁরা শুধু জানিয়েছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন যে ওয়েব পোর্টাল তৈরি করা হচ্ছে, তার সঙ্গে ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কগুলোর লিঙ্ক থাকবে। এর মাধ্যমেই তাঁরা মতবিনিময়ের পাশাপাশি পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক সাধারণের কাছে তুলে ধরবেন। অবশ্য, ফেসবুক ও টুইটারে অ্যাকাউন্ট খোলার পাশাপশি পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এভাবেই পররাষ্ট্র-সংক্রান্তনীতি তৈরির প্রক্রিয়ায় সবার মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। —অমর সাহা, কলকাতা