ফেসবুক ও টুইটার ব্যবসার শক্তিশালী মাধ্যম!
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবং ছোট বার্তার জনপ্রিয় ওয়েবসাইট (মাইক্রোব্লগিং) টুইটার কিংবা ব্লগিং বর্তমানে ব্যবসা ক্ষেত্রের জন্য জনপ্রিয় একটি মাধ্যম। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা-প্রতিষ্ঠান নিলসেন অনলাইন এ তথ্য জানিয়েছে। এসব সামাজিক যোগাযোগ সাইটে সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা মাসে প্রায় ছয় ঘণ্টা সময় কাটান। এশিয়া প্যাসেফিক অঞ্চলে তিনটি জনপ্রিয় নেটওয়ার্কিং সাইট ফেসবুক, উইকিপিডিয়া ও ইউটিউবের গ্রাহকসংখ্যা অনেক। নিলসেন অনলাইন জাপানের প্রধান নির্বাহী চার্লস বাচওয়াল্টার বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে, যা ব্যবসার ক্ষেত্রে বড় একটি সুবিধা নিয়ে আসতে পারে। তিনি বলেন, সবাই এখন বুঝতে পারছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন বেশ জনপ্রিয় এবং খুব দ্রুত সারা বিশ্বে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারছে। নিলসেনের তথ্যমতে, পণ্য কেনার আগে ইন্টারনেটে খোঁজা বৃহত্তম একটি মাধ্যম যার মাধ্যমে গ্রাহকেরা পণ্য কেনে। ইন্টারনেটে খোঁজার পরই সামাজিক যোগাযোগের সাইটগুলোতে নিজের বন্ধু কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন একজন ক্রেতা। চীন, ভারত, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশেই ইলেকট্রনিকস পণ্য, কসমেটিক, গাড়ি, খাবারসহ বিভিন্ন জিনিস কেনার ক্ষেত্রে অনলাইন কিংবা সামাজিক যোগাযোগের সাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পণ্য কেনার আগে ৩২ ভাগ ক্রেতা চাকরিস্থল থেকে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে খবর নেয় আর ৩১ ভাগ ক্রেতা বাসা থেকেই এ কাজটি করে। নিলসেন অনলাইন এশিয়া প্যাসেফিকের ব্যবস্থাপনা পরিচালক মেগান ক্লার্কেন বলেন, এশিয়া অঞ্চলে এসব কার্যক্রম দেখেই বলা যায় ব্যবসার পরিধি বাড়াতে সামাজিক যোগাযোগের সাইটগুলো বেশ কাজের। তবে শুধুমাত্র এসব সাইটের কল্যাণেই নয় ব্যবসার প্রসারতা বাড়াতে নানা বিষয় জড়িত বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। —এএফপি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী