ফেসবুক কর্নার

মিষ্টি কথন
উপস্থাপক: নির্বাচনে জেতার জন্য হাজারো বাণী দেন নেতারা। তাঁদের কথা আর কাজের মধ্যে ঠিক কতটা মিল থাকে, সে ব্যাপারে কথা বলতে রস+আলোর আজকের আয়োজন ‘মিষ্টি কথনে’ উপস্থিত আছেন জনাব ল্যাবু মিয়া। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নেতা: ধন্যবাদ, তবে আমার নাম লেবু মিয়া। আমি আবার কোনো রকম ঘাপলা সহ্য করি না।
উপস্থাপক: স্যার, নির্বাচনে জেতার আগে আপনার নির্বাচনী ইশতেহারে লেখা ছিল, ‘আমি ঘরে ঘরে পানির ব্যবস্থা করে দেব। আর কাউকেই পানির জন্য কষ্ট করতে হবে না।’ আপনি কি মনে করেন, পানির সমস্যা সমাধান হয়েছে?
নেতা: আমি কী মনে করি, তাতে তো আর কিছু আসে যায় না, হো হো হো হো। তবে বলেছিলাম, পানির ব্যবস্থা করে দেব, কিন্তু সেটা চোখ দিয়ে আসবে নাকি ট্যাপ দিয়ে, তা কিন্তু বলিনি!
উপস্থাপক: স্যার, এবার অন্য প্রসঙ্গ। শহরবাসীর প্রধান সমস্যার মধ্যে গ্যাস অন্যতম। গ্যাস এখন গ্রামে থ্রিজি নেটওয়ার্ক পাওয়ার মতো প্রায় দুর্লভ ব্যাপার হয়ে যাচ্ছে কোথাও কোথাও। এ ব্যাপারে আপনি কী ব্যবস্থা নিয়েছেন?
নেতা: গ্যাসের ব্যাপারটা তো আমি নির্বাচনে জেতার আগেই করে দিয়েছি। ‘গ্যাস’ কম দিলে তো আর আজ আমি এখানে বসে থাকতে পারতাম না, তাই না?
উপস্থাপক: স্যার, তখন তো বলেছিলেন, সব জায়গায় ব্রিজ করে দেবেন, এখনো কি ব্রিজ হয়েছে?
নেতা: যেটার অস্তিত্ব নেই, সেটা নিয়ে গল্পও নেই। ব্রিজ করে দিয়েছি বলেই আজ ব্রিজ নিয়ে গল্প হয়েছে। সবার স্বপ্নে আমি একটা করে ব্রিজ করে দিয়েছি। পরের বার আবার ক্ষমতায় আসতে পারলে সবাইকে প্রয়োজনে দুটি করে ব্রিজ করে দেব, কথা দিলাম।
উপস্থাপক: ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেবেন, আর কেউ বেকার থাকবে না। আসলেই কি কেউ বেকার নেই?
নেতা: কখন চাকরি হবে, কবে চাকরি হবে—এই চিন্তায় সবাই ব্যস্ত। তারপরও আপনি কী করে বলেন যে তারা বেকার? এর পেছনে নিশ্চয়ই বিরোধী দলের হাত আছে! এখনই এর উচিত ব্যবস্থা নিতে হবে। তদন্ত কমিটি গঠন করতে হবে...
উপস্থাপক: স্যার, আপনি শুধু শুধুই উত্তেজিত হচ্ছেন! দর্শক, আজকের মতো ‘মিষ্টি কথন’ অনুষ্ঠান এই পর্যন্ত। ভালো থাকুন, নেতার পাশে থাকুন।
ফরহাদ কাজী

একক
দৈর্ঘ্য মাপি মিটারে,
তরল মাপি লিটারে
ফোড়ার ব্যথা মাপব বলো কিসে?
হাসছ কেন ফিক করে?
দাও তো জবাব ঠিক করে
ভেবে আমি পাচ্ছি না যে দিশে৷
কেজি দিয়ে মাপি ভর,
ডিগ্রি দিয়ে মাপি জ্বর
ফোড়ার ব্যথায় করছি উহু-ইশ্
উঠলে ফোড়া পেশিতে
সেন্টি নাকি ডেসিতে
কোন এককে মাপব ফোড়ার বিষ?
কিলো, মিলি, হেক্টরে
দেখব ব্যথা চেক করে?
ফোড়ার ব্যথা মাপার একক কই?
তোলা, ভরি, ছটাক, সের,
কাঠা, বিঘা একক ঢের
কোনটা একক হবে চলনসই?
খুকু বলে, ‘ফোড়া হলে
করবে ব্যথায় টনটন,
করবে না সে মিলি-মিলি
ডেকা-ডেকা, মণ-মণ৷
“টন” “টন” দিয়েই যদি
ব্যথার প্রকাশ হয়,
“টন”ই হবে ব্যথার একক
অন্য কিছু নয়৷’
সুমন্ত বর্মণ