ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দই
ভদ্রলোক যাবেন শ্বশুরবাড়ি। যাওয়ার পথে দুটি দইয়ের ভাঁড় কিনে ফেললেন। শ্বশুরবাড়িতে ঢুকেই দইয়ের ভাঁড় শাশুড়ির হাতে তুলে দিয়ে বললেন, ‘এগুলা আপনাদের জন্য।’ শ্বশুর-শাশুড়ি বললেন, ‘কী দরকার ছিল বাবা!’
শ্বশুরবাড়ি বলে কথা, জামাই আদর তো পেতেই হবে। খাবারের পদের কোনো শেষ নেই, শেষ নেই আদর-যত্নেরও। যত পদের রান্না খাওয়ানো সম্ভব, জামাইকে সবই খাওয়ালেন শ্বশুর-শাশুড়ি। খাওয়া শেষে জামাই ভদ্রলোকের মনে হলো, সবই তো খেলাম কিন্তু কেন যেন খাওয়াটা পূর্ণ হলো না। কিছু একটা পেটে গেল না গেল না ভাব! জামাই ভদ্রলোকের মাথার ওপর এক শ ওয়াটের বাল্ব জ্বলে উঠল। কৌশলে শ্বশুরকে বললেন, ‘আব্বা, রাস্তায় আসার পথে তো বিশাল কাহিনি হয়ে গেছে!’
: কী কাহিনি, বাবা? বলো বলো...কোনো সমস্যা?
: মানে আব্বা, কঠিন বিপদের মুখে পড়েছিলাম! রাস্তায় দেখি বিশাল এক সাপ...!
: বলো কী, বাবা! তারপর?
: ইয়ে মানে, আব্বা, সাপটা ছিল বিশাল বড়!

: তা কত বড়?

জামাই ভদ্রলোক এদিক-ওদিক তাকিয়ে শেষে ঘরের এক কোনায় রাখা দইয়ের ভাঁড় দুটি দেখিয়ে বললেন, ‘ইয়ে মানে, আব্বা, ধরেন আমি যেখানে বসে আছি সেখান থেকে ওই যে দইয়ের ভাঁড় পর্যন্ত লম্বা। বিশাল সাপ!’

দইয়ের ভাঁড় দুটি দেখে লজ্জায় পড়ে গেলেন শ্বশুর। সঙ্গে সঙ্গে স্ত্রীকে বললেন, ‘কই গো? জামাই বাবাকে দই দিলা না যে! এত কষ্ট করে আনল। তারে এটা খাওয়া শেষে দিবা না? জলদি নিয়ে আসো।’

জামাই ভদ্রলোক মুচকি একটা হাসি দিয়ে বললেন, ‘আব্বা, কী যে বলেন! আচ্ছা, আপনি এত করে যখন বলছেনই, দেন...একটু চেখে দেখি।’ এই বলে ভাঁড়ের প্রায় ৮০ শতাংশ দই খেয়ে মুখ মুছতে মুছতে বললেন, ‘দইটা বেশ ভালো ছিল, আব্বা! হে হে হে!’

পাদটীকা: গল্পটি পুরোপুরি কাল্পনিক। গল্পের শ্বশুর চরিত্রের সঙ্গে আমাদের দেশের জনগণ, দইয়ের ভাঁড়ের সঙ্গে নির্বাচনের আগে নেতাদের দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে মিল পেলে, সেটা সম্পূর্ণ কাকতালীয় মাত্র! আর সেই ভদ্রলোক জামাইয়ের সঙ্গে কারোরই মিল নেই!

কুদরতি কিরন

.
.

একটু ব্যস্ত আছি
বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই। ভীষণ ব্যস্ত মানুষ। ক্লাসের পাশাপাশি পার্টটাইম চাকরি করেন। প্রয়োজনে ফোন করলে প্রায়ই জবাব পাই, ‘একটু ব্যস্ত আছি।’ আরে, প্রয়োজন কি বলে-কয়ে আসে? কী নিয়ে এত ব্যস্ত থাকেন তিনি? আমার সন্দেহগুলো এ রকম—
* আমি হয়তো এমন সময় ফোন করলাম যখন তিনি রিকশায় চড়ে ‘ঝাঁকিপূর্ণ’ রাস্তা দিয়ে যাচ্ছেন। সে সময় কথা বলা প্রায় দুরূহ বলে তিনি হয়তো বলে বসেন, ‘একটু ব্যস্ত আছি।’
* ভিড়ে বাসে তিল পরিমাণ জায়গা নেই দাঁড়ানোর। তারই মধ্যে হয়তো তিনি দাঁড়িয়ে আছেন। সে সময় ফোন বাজলে অন্য যাত্রীরা অভিযোগ করবে ভেবে ফোন রিসিভ করেন ঠিকই কিন্তু সে সময়ই তাঁর স্টপেজে বাস থেমে যায়। তাই ‘একটু ব্যস্ত আছি’ বলেই বাস থেকে নামার যুদ্ধে নেমে পড়েন তিনি।
* কোনো এক তরুণীর সঙ্গে দিনের পর দিন কথা বলার চেষ্টা করেও তাঁর হয়তো সুযোগ হয় না। সেই তরুণীর সঙ্গে হঠাৎ একদিন কথা বলার সময় ফোন গেলে তিনি ‘একটু ব্যস্ত আছি’ ছাড়া আর কীই-বা বলবেন?
* দিন শেষে ক্লান্ত তিনি রাতে বাসায় ফিরে একটা স্ট্যাটাস লিখবেন, এমন সময় ফোন গেল। স্ট্যাটাসটি ভুলে যাওয়ার ভয়ে তিনি হয়তো বলেন, ‘একটু ব্যস্ত আছি।’

অতএব আমি ধরেই নিই ওই ভাইয়া আসলেই ‘একটু ব্যস্ত’ থাকেন!
সারাহ সুলতানা