ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের কল্যাণে

ফেসবুকেই পরিচয়। তারপর অনেক কথা, অনেক ছবি আর সেলফি। ইউরোপের মেয়েটির সঙ্গে বাংলাদেশি ছেলেটির গড়ে ওঠে অন্য রকম এক সম্পর্ক। কথা বলা, ভালো লাগা। কিছুটা ভালোবাসাও হয়তো। একসময় সাত সমুদ্দুর তেরো নদীর ওপারের মেয়েটি চট্টগ্রামের ছেলেটির প্রেমে পড়ে যায়। মেয়েটি অল্প অল্প বাংলা বলতে শেখে। ছেলেটিকে নববর্ষে তো শুভেচ্ছা পাঠায়ই, ঈদ কিংবা পূজা—কোনো উৎসবই বাদ যায় না। পুরোপুরি বাংলাদেশি নয়, পুরোদস্তুর চাটগাইয়া হয়ে ওঠে সে। একদিন তো সে চোখমুখ লাল করা একটা ছবি পাঠাল। প্রচণ্ড ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছিল সে। আর শাড়ি পরা ছবি তো এক হাজারেরও বেশি আছে।
ছেলেটি খুব উপভোগ করে সবকিছু। কিন্তু ভয় হয় তার। কারণ, ঘরে আছে তার স্ত্রী আর সন্তান! মেয়েটিকে একদিন ওদের কথা খুলে বলে সে। মেয়েটি শুনতে চায় না। সে শুধু ছেলেটিকে চায়। বলে, ‘তোমার স্ত্রী চাইলে আমরা একসঙ্গে থাকব, নয়তো আলাদা। তবু আমি তোমাকেই চাই!’
ছেলেটি চোখে অন্ধকার দেখে। যেদিন মেয়েটি বলল, ‘আজ আমি তোমাদের অ্যাম্বাসিতে গিয়েছিলাম, ভিসা আর বিয়ে করে তোমাদের দেশে থাকার নিয়ম জানতে...’ সেদিন ছেলেটি প্রচণ্ড ভয় পেল।
মেয়েটি যেকোনো দিন চলে আসবে। আর যদি আসে তবে ছেলেটি শেষ! তার সংসার ভেঙে যাবে। ছেলেটি যত বোঝায়, মেয়েটি ততই কাছে আসতে চায়। স্বপ্ন দেখে চট্টগ্রামের পাহাড়ের ওপর তাদের ছোট্ট একটা বাসা হবে, সামনে পাহাড়, গোধূলিলগ্ন, হাতে চায়ের কাপ...।
শেষমেশ না পারতে ছেলেটি ভাইবারে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মুরাদপুর পর্যন্ত পুরো রাস্তার একটা ভিডিও পাঠিয়ে দিল মেয়েটির কাছে। হঠাৎ করে মেয়েটি চুপ হয়ে গেল। যোগাযোগ বন্ধ। ফোন করলে এড়িয়ে চলে।
ছেলেটি মুচকি হাসে, আর ধন্যবাদ দেয় তাদের, যাদের জন্য শহরের রাস্তাঘাটের আজ এমন করুণ অবস্থা! তাদের কল্যাণেই যে ছেলেটি বড় বাঁচা বেঁচে গেল!
তারিকুল ইসলাম

এ কালের বিয়ের প্রস্তাব
: ভাই, ঘটনা তো ঘটায় ফেলছি!
: কী করলি আবার?
: মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব
পাঠায় দিছি!
: হায় হায়! কী কস? কারে দিয়া পাঠাইলি?
: আমিই পাঠাইছি, ভাই!
: কী! তুই নিজেই মেয়ের বাড়িতে প্রস্তাব নিয়ে
গেছিস? তোর বাসায় জানে?
: আরে ভাই, এই যুগে কি মেয়ের বাসায় গিয়ে
প্রস্তাব দিতে হয়? ফেসবুক আছে না?
: তুই ফেসবুকে মেয়ের বাবাকে মেসেজে ‘আপনার মেয়েকে বিয়ে করতে চাই’ লিখে পাঠাইছিস?
: না, ভাই! অত সাহস নাই; মেয়ের বাবাকে আগেই ফ্রেন্ডলিস্টে নিয়ে রাখছিলাম, বুঝছেন। কালকে রাতে তাঁকে Son in law ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট পাঠায় দিছি। এখন অ্যাকসেপ্ট করলেই হয়!
মো. আসিফ উর রহমান