ফেসবুক কর্নার

তালগাছের রচনা
এক ছেলে পরীক্ষার জন্য ‘গরু’ রচনা মুখস্থ করেছিল। কিন্তু পরীক্ষায় এসেছে তালগাছ! বেচারা শেষে অনেক কষ্টে তালগাছ ও গরুর যে ‘রিমিক্স’ রচনা লিখল, সেটা এ রকম—
তালগাছ দেখতে অনেকটা নারকেলগাছের মতো। নারকেলগাছের মতো হলেও এতে নারকেল বা ডাব ধরে না, তাল ধরে। অবশ্য আমাদের পুকুরপাড়ে যে তালগাছটা আছে, সেটাতে তালও ধরে না। কারণ, সেটা পুরুষ তালগাছ। এ কারণে আমরা ওই তালগাছটায় প্রতিদিন গরু বেঁধে রাখি। গরু খুব উপকারী জন্তু, এর চারটি পা এবং একটি লেজ আছে। লেজ দিয়ে এরা মশা-মাছি তাড়ায়। গরুর মতো মানুষেরও একটা লেজ থাকলে ভালো হতো, সন্ধ্যাবেলায় মশার যন্ত্রণায় একদম পড়ালেখা করতে পারি না...!
বি.দ্র.: কৌতুক সব সময় অহেতুক হয়, হেতু খুঁজতে যাওয়া বা চাওয়া অবান্তর, তাই না?
রানা নাসির

কিছু সমস্যা ও তার বৈজ্ঞানিক সমাধান
সমস্যা ১: আপনার মা মাঝেমধ্যে আপনাকে সন্দেহ করেন? হয়তো ভাবেন, ছেলে বাইরে থাকে, প্রেম-টেম করে না তো আবার!
সমাধান: একদিন রাত ১২টার দিকে আপনার মাকে ফোন করুন। বলুন, ‘মা, আমার সিমে কিছু মিনিট ফ্রি আছে, আজকেই মেয়াদ শেষ। তাই মিনিটগুলো যেন নষ্ট না হয়, সে জন্য তোমাকে এত রাতে ফোন দিলাম। মিস ইউ, মা!’
সমস্যা ২: আপনার খুব টাকার দরকার। আপনার খুব কাছের বন্ধুটার কাছে টাকা থাকলেও সে ছ্যাঁচড়ামি করে ধার দিচ্ছে না?
সমাধান: আপনার বন্ধুকে করুণ গলায় বলুন, ‘দোস্ত, আমার একটা নতুন রিলেশন হয়েছে। ওর সঙ্গে আগামী সপ্তাহে প্রথম দেখা করার ডেট। সঙ্গে নাকি ওর কয়েকজন বান্ধবীও থাকবে। আমি একা কী যে করি। ভাবছি তোকেও নিয়ে যাব নাকি...।’
সমস্যা ৩: আপনার প্রেমিকা শুধু মিসড কল দেয়?
সমাধান: আপনার প্রেমিকাকে বলুন, ‘হে প্রিয়তমা, তোমার ওই চোখ বড় ও ঠোঁট বাঁকা কিউট সেলফিটি তোমার নম্বরের সঙ্গে সেভ করে রেখেছি। তুমি ফোন করলে যখন রিংটোন বাজতে থাকে, তখন আমি অপলক দৃষ্টিতে আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে তোমার কিউটের বয়াম চেহারাটা দেখতে থাকি। আহা...!’
কায়েস