ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সে আমার ছোট বোন...
ছোট বোনটা বলে উঠল, ‘ভাইয়া টাকা দাও, আইসক্রিম খাব।’ আমি একটা ধমক দিয়ে বললাম, ‘টাকা কি গাছে ধরে যে চাইলেই গাছ থেকে পেড়ে এনে তোকে দেব! যা ফোট, টাকা নাই!’ বোনটা কিঞ্চিৎ মন খারাপ করে, কিছুক্ষণ মাথা চুলকে কী যেন ভাবল। তারপর বলল, ‘আচ্ছা ভাইয়া, তুমি কি প্রেম করতে পারো?’ ছোট বোনের মুখে এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম! বুঝলাম, মাথা গরম করে লাভ নেই বরং বিপদ বাড়বে। তাই দাঁত কিড়মিড়িয়ে হলেও নরম গলায় বললাম, ‘ময়না পাখি আমার, তোর ভাইয়া কি ওসব বাজে ছেলেদের মতো নাকি, বল? যে সারা দিন প্রেম করে বেড়াবে! তুই যেমন লক্ষ্মী, তোর ভাইয়াটাও তেমনই ভালো।’
ছোট বোন বলল, ‘ওমা, তা-ই! ভাইয়া, তাহলে মনে হয় তোমার ফোনের ভেতরে ভূত ঢুকেছে! আমি না সেদিন একটু তোমার ফোন হাতে নিয়েছি, দেখি “রেকর্ড ফোল্ডারে” তোমার মতোই কণ্ঠস্বরের একটা ছেলে কোনো এক মেয়েকে আই লাভ ইউ বলছে!’
শুনেই আমি সোজা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছি! বোন আবার বলে যাচ্ছে, ‘প্লিজ ভাইয়া, তোমার ওই ভূতের মোবাইল ফোনটা ভেঙে ফেলো, প্লিজ! জানোই তো, ভূতকে আমি ভীষণ ভয় পাই! দাঁড়াও, তোমার এই ভূতের কাহিনিটা আম্মুকে বলে আসি।’
আমার অবস্থা তখন সঙিন! ওকে টাকা দেওয়ার জন্য মানিব্যাগে হাত দিয়েছি, কিন্তু পিচ্চিটা আমার দিকে ফিরে না তাকিয়েই ‘আম্মুউউউউউ’ বলে চিৎকার করতে করতে সামনে থেকে অদৃশ্য হয়ে গেল...
কায়েস কাওসার

আমরা ভালো আছি
সম্প্রতি প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেটা নিয়ে কিছু পাল্টা যুক্তি উপস্থাপন করছি। একমত হলে লাইক দিন।
 হলগুলোতে গণরুম বলে কিছু নেই। অনেক ছেলে একসঙ্গে থাকে বলে তাকে আমরা যৌথ ঘর বলতে পারি। এখানে ছাত্ররা নিজের বালিশ, কাঁথা এমনকি টুথব্রাশ পর্যন্ত শেয়ার করে। এ যেন যৌথ পরিবারের চমৎকার উদাহরণ।

 হলে অছাত্র বলে কোনো ‘জিনিস’ নেই। এটা বিরোধী দলের অপপ্রচার। এখানে ভাইয়ের মামা আমারও মামা—হিসাবটা এমনই। তাই হলের যেকোনো ছাত্রের ভাই, আমাদের ভাই। তারও অধিকার আছে। আমরা সাম্যবাদে বিশ্বাসী।
 চাকরি না-পাওয়া প্রাক্তন ছাত্রটি হলে থাকেন আমাদের মায়ায়। তিনি বেকার, তাই তাঁকে বেকারাশ্রমে জায়গা দেওয়া হয়। বৃদ্ধাশ্রমে থাকতে পারলে হলে বেকারাশ্রম থাকলে দোষের কী আছে!
তাই বলতে পারি হলগুলোতে কোনো সমস্যা নেই। হাসিমুখে বলতে পারি, আমরা ভালো আছি!
 মো. মাইনউদ্দিন
(ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান
বিভাগের শিক্ষার্থী)