ফেসবুক কর্নার

বন্ধুর আতিথেয়তা
এক বন্ধুর মেসে গিয়েছিলাম একটা নোট সংগ্রহ করতে। অনেক দিন পর গিয়েছি। বন্ধু আমাকে দেখে খুব খুশি। আমি রুমে ঢুকে নোটটা নিয়ে বন্ধুকে বললাম, ‘আচ্ছা দোস্ত, আমি যাই তাহলে।’ বন্ধু বলল, ‘আরে, কী বলিস এসব! কত দিন পর আমার মেসে এলি, বস না কিছুক্ষণ।’
আমি কিছু একটা বলতে যাব, বন্ধুটি ঠিক সেই মুহূর্তে বলে উঠল, ‘আচ্ছা দোস্ত, তুই একটু বস, আমি একটু বাইরে থেকে আসতেছি।’ আমি আশান্বিত হলাম, বন্ধু আমার জন্য হয়তো নাশতা-টাশতার ব্যবস্থা করতে যাচ্ছে। মেসের পাশেই দু-তিনটা দোকান। ব্যাপারটা বুঝতে পেরে একটু ভাবসহ ‘ফরমালিটি’ দেখানোর জন্য বললাম, ‘আরে দোস্ত, বাদ দে তো এসব। আজ উঠি, আমার একটা জরুরি কাজ আছে। আরেক দিন আসব।’
বন্ধু আমার কোনো কথা না শুনে বলল, ‘প্লিজ দোস্ত, দুইটা মিনিট পরে যা। আমি শুধু একটু বাইরে যাব আর আসব।’ বলেই বন্ধু আমাকে ওর রুমে একা রেখে বের হয়ে গেল। মনে মনে আমি বেশ খুশিই হলাম। আহ্, ক্ষুধাও লেগেছে, ভালোই হলো। মনের সুখে গুনগুন করতে করতে বন্ধুর জন্য অপেক্ষা করছি। সেই সঙ্গে কল্পনা করছি, বন্ধু আমার চানাচুর, বিস্কুট, কোল্ড ড্রিংকস নিয়ে এই বুঝি চলে এল। মিনিট বিশেক পর সে ফিরে এল। হাতের দিকে তাকাতেই দেখি, কিছুই নেই, খালি। কিন্তু তার পরনে আগের পোশাকটার বদলে ঝকঝকে আরেকটা। বন্ধু আমাকে কিছুটা লাজুক কণ্ঠে বলল, ‘দোস্ত, এই শার্টটা গত পরশু আমার গার্লফ্রেন্ড গিফট করেছে। পাশের রুমে রেখে দিছিলাম। নে, এইবার ঝটপট আমার দুই-তিনটা ছবি তুলে দে তো। অন্যদের বলতে লজ্জা করে, তাই তোকে বললাম। ছবিটা তাড়াতাড়ি তোল, ওকে আবার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে!’
কায়েস কাওসার
ডালে হাত
বাবা, ছোট ভাই আর আমি খেতে বসেছি। হঠাৎ বাবা ছোট ভাইকে বলে উঠলেন, ‘কী হলো, ডালে হাত দিয়ে বসে আছিস কেন?’ ডালে হাত? আমি তখন মোবাইল ফোনে ফেসবুকিং করছি। কথাটা শুনেই আমার মাথা গরম হয়ে গেল। রেগে ভাইকে বললাম, ‘সমস্যা কী তোর? ডালে হাত ডুবালি কেন? এটা কি তুই হলের ডাল পেয়েছিস? এখন ডাল খাব কীভাবে?’
কিন্তু কথা শেষ করেই দেখলাম, বাবা আর ভাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বলি, ‘কী হলো?’ বাবা হাসতে হাসতে বললেন, ‘ওরে গাধা, আমি ডাল বলি নাই রে! আমি বলেছি গাল! হা হা হা!’
প্রদ্যোৎদীপ বড়ুয়া
গ্রন্থনা: আবু সাঈদ