ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নেপোলিয়নের পিতৃপরিচয়
টিভি দেখছি। ক্লাস টু পড়ুয়া ছোট ভাই এসে খুব জ্ঞানী জ্ঞানী একটা ভাব নিয়ে বলল, ‘দাদা, বলো তো নেপোলিয়নের বাবার নাম কী।’ পিচ্চির মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে বললাম, ‘জানি না।’ ফিক করে হেসে দিয়ে সে বলল, ‘এই সহজ উত্তরটাই জানো না! নেপোলিয়নের বাবার নাম হলো বিপ্লব।’
প্রশ্ন শুনে যতটা না অবাক হয়েছি, উত্তর শুনে তার দ্বিগুণ অবাক হয়ে বললাম, ‘তুই কীভাবে জানলি?’ তার উত্তর, ‘আজকে ছোট দাদা একটা বই এনেছে, বইয়ের নাম বিপ্লবের সন্তান নেপোলিয়ন।’
সাব্বির আহমেদ

.
.

হ্যাকারঙ্গ
সময়ের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে হ্যাকিং এবং হ্যাকার। এর ইতিবাচক, নেতিবাচক দুটি দিকই আছে। আসুন, আমরা ইতিবাচক হই। ভবিষ্যতে হ্যাকারদের কীভাবে দেখা হবে, সেটাই ভাবার চেষ্টা করি।
ছেলে হোক মেয়ে হোক, একটি হ্যাকারই যথেষ্ট।
বেকারত্ব একটি অভিশাপ। হ্যাকারত্ব অর্জন করুন, বেকারত্ব বর্জন করুন।
আমাকে কিছু ভালো হ্যাকার দাও, আমি তোমাদের একটি অর্থনৈতিকভাবে শক্তিশালী জাতি দেব।
হ্যাক করা সহজ, কিন্তু ট্র্যাক করা কঠিন।
হ্যাকার মানে না ফায়ার আই।
হ্যাকারত্ব অর্জনের চেয়ে অ্যানোনিমাস
থাকা কঠিন।
ইফতেখার হোসাইন

ট্রিট
ট্রিট—ছোট্ট একটি শব্দ। অথচ এই ছোট্ট শব্দের মধ্যে লুকিয়ে আছে অসহায়ত্ব, হতাশা আর লুট হয়ে যাওয়ার ভয়। বন্ধুদের কাছ থেকে ট্রিট শব্দটি শুনলেই মনের মধ্যে উঁকি দেয় অজানা আতঙ্ক। বন্ধুরা যেদিন আমার কাছে ট্রিট দাবি করে, সেদিন আর মানিব্যাগ রক্ষা পায় না।
সাকিব আল হাসান ভালো খেললে, পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেলে, ক্ল্যাশ অব ক্ল্যানসের ওয়ারে জিতলে, এমনকি কারও ওপর ক্রাশ খেলেও বন্ধুদের ট্রিট দিতে হয়! সেবার ফেসবুকে শিল্পী তাহসান আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলেন। এটা নিয়ে খুশিতে আটখান হয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। পরে জানতে পারলাম ওই আইডিটা ছিল ভুয়া। কিন্তু আমার রাক্ষুসে বন্ধুদের সেটা বোঝানোর উপায় নেই। কত করে বোঝানোর চেষ্টা করলাম, সব ব্যর্থ! কে শোনে কার কথা। এলাকার সবচেয়ে নামীদামি রেস্তোরাঁয় আমাকে ওরা ধরেবেঁধে নিয়ে গেল। তারপর ইচ্ছামতো অর্ডার দিয়ে সে কি হুলুস্থুল! আমার পেট ভরে গেল ওদের অর্ডার শুনে। সেদিন আমার মানিব্যাগ নাম লেখাল ইতিহাসের পাতায়। এরপর থেকে বরাবরের মতো আমি ট্রিট দেওয়ার বিরুদ্ধে। একদিন রাগে, দুঃখে বন্ধুদের ডেকে নিয়ে বললাম, ‘দেখ দোস্ত, ট্রিট বলতে এই দুনিয়ায় কিছু নেই। এসব বিরোধী দলের অপপ্রচার। আজকের পর থেকে তোরা আমার সঙ্গে ট্রিট-সংক্রান্ত বিষয়ে কথা বলবি না। যদি বলিস, তাহলে তোরা বন্ধু নামের কলঙ্ক হয়ে যাবি।’
এক নিশ্বাসে কথাগুলো বলে নিজে গা ঢাকা দিতে চাইলাম। কিন্তু বন্ধুদের একজন উল্টো বলে, ‘শেয়ারিং ইজ কেয়ারিং। আজকের পর থেকে তোর সবকিছু আমরা ভাগ করে নেব, দুঃখ-কষ্ট যা আছে...।’
আমি জানি, দুঃখ-কষ্টের ভাগ তোরা নিবি; কিন্তু ট্রিটটা যে আমাকে একাই দিতে হবে...!
নওশীন নাওয়াল