ফেসবুক কর্নার
বেয়াদবের কারখানা
প্রচণ্ড গরম! সবার মতো আমার অবস্থাও কাহিল। দুর্ভাগ্যজনকভাবে আমার বাসা, অফিস—দুটোই টপ ফ্লোরে! শ্বশুরবাড়িও টপ ফ্লোরে! কোথায় যে যাই! গরমে অস্থির হয়ে মেয়েকে বললাম, ‘এক গ্লাস পানি এনে দাও তো বাবাকে।’ মেয়ে জবাব দিল, ‘পারব না, বাবা। আমি গেম খেলছি।’ পাশ থেকে মেয়ের মায়ের জবাব, ‘তোমার মেয়ে হইছে তোমার মতো বেয়াদব! তুমি এক কাজ করো, পানি খাও আর আসার সময় ফ্রিজ থেকে আমার জন্য একটা ঠান্ডা পানির বোতল নিয়ে আসো।’
বিষণ্ন মনে আমি পানি আনতে গেলাম। আর মনে মনে বললাম, ‘যেমন মা তেমন মেয়ে! বিরাট বিরাট সব বেয়াদব আমার ঘরে!’
রানা নাসির
ভেবে নেব
আমার মতো কোনো ছাত্রের মনে কখনোই পড়ালেখার চেতনা জাগে না৷ তাদের যুক্তিগুলো হয় এ রকম—
* যেদিন পাশের বাসার ছেলে গোল্ডেন এ প্লাসের মিষ্টি নিয়ে আসবে, ভেবে নেব—যাহ্ ব্যাটা, কোয়েশ্চেন পেয়ে পরীক্ষা দিয়েছিলি, ভুলে গেছি নাকি?
* যেদিন পেছনের বেঞ্চে বসা ছেলেটা বুয়েটে পরীক্ষা দিয়ে টিকে যাবে, সেদিন ভেবে নেব—বুয়েটেও কোয়েশ্চেন আউট হয়, ব্যাপার না!
* যেদিন গাধা ফ্রেন্ডটার প্রোফাইলে অমুক মেডিকেল কলেজ দেখব, ভেবে নেব—দূর, ওইটা তো প্রাইভেট মেডিকেল কলেজ। বাপের টাকা থাকলে আমিও পড়তাম!
* যখন বন্ধুরা উঠতে-বসতে তাদের ভার্সিটির গল্প করবে, তখন ভেবে নেব—দূর, কচুর ভার্সিটি৷ সেশনজট, রাজনীতি—এসবে মানুষ পড়ে?
* যখন বন্ধুরা বড় বড় চাকরি করে বাড়ি-গাড়ি করবে, তখন ভেবে নেব—এই দুনিয়া দুই দিনের! টাকাপয়সার কোনো দাম নেই৷ অনলি মনের সুখ ইজ রিয়াল৷
তৌফিকুর রহমান