ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খাতিরের বিড়ম্বনা
অনেক দিন পর গত সপ্তাহে নানির বাড়িতে গিয়েছিলাম। অভিজ্ঞতা যা হলো, তাতে করে মনে হচ্ছে এমন ভুল আর দ্বিতীয় দিন করলে আমার নামই মিছা!
নানির বাড়ি পৌঁছানোর খানিক বাদেই ছোট খালা এসে বললেন, ‘আমার সিমে একটা নম্বর এফএনএফ করে দাও তো।’
আমি ফোনটা হাতে নিতে নিতে বললাম, ‘ঘটনা কী, খালামণি? কার সঙ্গে এফএনএফ করবা?’ চোখেমুখে একটু পাকামো ভাব এনে যোগ করলাম, ‘বিশেষ কেউ নাকি?’
খালামণি চোখমুখ কুঁচকে বললেন, ‘খুব তো পাকা পাকা বুলি বের হচ্ছে মুখ থেকে! পড়াশোনায় তো লবডংকা। দাঁড়াও, আজই আপাকে বলছি!’ বলেই তিনি গটগট করে হেঁটে গেলেন।
মন খারাপ করে ঘরে-বাইরে ঘুরে বেড়াচ্ছি। দেখা হলো ছোট মামার সঙ্গে। বললাম, ‘মামা, তুমি তো ফেসবুক সেলিব্রিটি হয়ে গেলে। আহা, কী সুন্দর লেখা! কত কত লাইক-কমেন্টস! আমি তোমার ভাগনে হয়ে প্রাউড ফিল করি, মামা।’
কপালটাই খারাপ। মামাও রেগে গেলেন! বললেন, ‘তাহলে পড়াশোনা বাদ দিয়ে সারা দিন ফেসবুকেই থাকা হয়? দাঁড়া, আজই তোর আম্মুকে জানাচ্ছি!’
আমি হতাশ হয়ে দুঃখভারাক্রান্ত মনে নানির রুমে চলে গেলাম। নািনর সঙ্গে কিছুক্ষণ এটা-সেটা বলার পর জিজ্ঞেস করলাম, ‘তোমার স্টার জলসার সিরিয়ালগুলোর খবর কী? কোনটা জমছে বেশি, “কিরণ মালা”, “বধূবরণ”, নাকি “বোঝে না সে বোঝে না”?’
নানি আমার কথা শুনে চোখ বড় বড় করে বললেন, ‘তুই কী পড়ালেখা কিছু করিস? নাকি আমার মতো সারা দিন সিরিয়াল নিয়েই থাকিস? তোর মা-বাবাকে আগেই বলেছিলাম, তোমাদের এই ছেলের লক্ষণ ভালো নয়। অনুমান তো ঠিকই আছে রে!’
কাওসার আহমেদ

.
.

চাবি-রহস্য
বাসায় ঢুকব। নিচের মেইন গেটে তালা দেওয়া। পকেট থেকে চাবি বের করে তালায় লাগালাম। লক খুলল না। আবারও চেষ্টা করলাম, তারপরও খুলল না। অনেকক্ষণ ধরে বিভিন্ন অ্যাঙ্গেলে ভদ্রভাবে গুঁতাগুঁতি করলাম। খুললই না। এই সমস্যাটা অনেক দিন ধরেই হচ্ছে। প্রায় মিনিট পাঁচেক চেষ্টার পর ত্যক্ত হয়ে আন্দাজে জোরে গুঁতাতে শুরু করলাম। এবার কাজ হলো। সুন্দরমতো তালাটি খুলে গেল। মনে মনে বললাম, ‘বুঝলা তালা মিয়া, দুনিয়াটা শক্তের ভক্ত, আর নরমের যম।’
ওপরে উঠে এলাম। আম্মা অবাক। মুখে বিস্ময়ের ইমো এঁকে বললেন, ‘কী রে, ওপরে এলি কীভাবে?’
আমিও অবাক, ‘কেন? সব সময় যেভাবে আসি। আমার কাছে চাবি তো থাকেই।’
আম্মা বললেন, ‘কিন্তু তোর কাছে তো পুরান তালার চাবি। গেটে তো নতুন তালা লাগানো হয়েছে!’
শহীদুর রহমান

গ্রন্থনা: আবু সাঈদ