ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনুধাবন
 ‘আসলে সত্যি বলে সত্যি কিছু নেই’ গানের লাইনটা যদি সত্যি হয় তাহলে কথাটা কি মিথ্যা নয়?
 টাইপিং শেখার প্রথম অভিজ্ঞতা হলো রাস্তায় হারিয়ে ফেলা গুরুত্বপূর্ণ জিনিস খোঁজার মতো।
 আপনি যা চিন্তা করেন তার ওপরে আপনি নিয়ন্ত্রিত। তাহলে আপনাকে নিয়ন্ত্রণ করে কে?
 জিৎ বনিক

.
.

নিউটনের মাথায় আপেল না পড়লে
মাথায় আপেল পড়ার পরই মাধ্যাকর্ষণের সেই বিখ্যাত সূত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন (যদিও এই কাহিনির সত্যতা নিয়ে প্রশ্ন আছে)। তবে নিউটনের মাথায় আপেল না পড়ে যদি অন্য কোনো ফল পড়ত তাহলে কেমন দাঁড়াত ফলাফল?
 নিউটনের মাথায় বেল পড়লে: তখন সূত্র বের হতো না নিশ্চিত। নিউটনের মাথায় গজাত একটা প্রমাণ সাইজের আলু।
 নিউটনের মাথায় কাঁঠাল পড়লে: কাঁঠালের আঠা তোলার জন্য এখন আর সরষের তেল ব্যবহার করা হতো না। নিউটন হয়তো তাঁর মাথার চুল থেকে আঠা তোলার তাগিদে নতুন কোনো ওষুধ আবিষ্কার করে ফেলতেন।
 নিউটনের মাথায় নারকেল পড়লে: তাহলে হয়তো ছাত্রজীবনে নিউটন বলেই কিছু থাকত না!
 ফরহাদ কাজী
আধুনিক ‘একতাই বল’
পুরোনো গল্প: এক দেশে সাত ভাই ছিল। যারা সারা দিন ঝগড়া করত। এই দেখে তাদের বাবা একদিন তাদের ডেকে সবচেয়ে বড় ভাইকে একটি লাঠি হাতে দিয়ে ভাঙতে বললেন। বড় ভাই সঙ্গে সঙ্গে লাঠিটা ভেঙে ফেলল। এবার তাদের বাবা সাতটি লাঠি একত্র করে বড় ভাইকে ভাঙতে বললেন। কিন্তু বড় ভাই এবার ভাঙতে পারল না। তখন তাদের বাবা বললেন, ‘তোমরা যদি সাত ভাই একসঙ্গে থাকো, তাহলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’

তারপর থেকে সাত ভাই একসঙ্গে সুখে-শান্তিতে বাস করতে লাগল।

আধুনিক গল্প: এক দেশে ছিল সাত ভাই। তারা সারা দিন ফেসবুকে ব্যবহার করত। তবে একে অপরের কোনো পোস্টেই লাইক দিত না। উল্টা আজেবাজে কমেন্ট করত। একদিন সাত ভাইকে তাদের বাবা ডেকে নিলেন। বড় ছেলেকে বললেন, ‘ফেসবুকে তোমার একটা ছবি আপ করো।’ বড় ভাই আপ করল। এক ঘণ্টা পর তাদের বাবা বললেন, ‘আপ করার এক ঘণ্টার মধ্যে তুমি ৮২টা লাইক পেয়েছ। এবার তুমি তোমাদের সবার একটা সেলফি আপ করে সবাইকে ট্যাগ করো।’ বড় ছেলে তা-ই করল। এক ঘণ্টা পর তাদের বাবা বললেন, ‘এবার দেখ, তোদের ছবিতে ৫৪১টা লাইক! এবার বুঝলে তো, তোমরা যদি একসঙ্গে থাকো তাহলে তোমাদের ছবিতে লাইকের অভাব হবে না।’
তারপর থেকে সাত ভাই একসঙ্গে সুখে-শান্তিতে বাস করতে লাগল।
রাজ আহমেদ

গ্রন্থনা: আবু সাঈদ