ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আহা রে! আহা রে!
মাঝরাতে ফোনে ভাইব্রেশন। ঘ্রোত...ঘ্রোত...! রাতে ভাইব্রেশনের এই শব্দটা ভয়াবহ লাগে!
৮-১০ বার এই ভয়াবহ শব্দ হওয়ার পর হাতড়ে হাতড়ে ফোনটা খুঁজে বের করে কানে লাগালাম।
: হ্যাঁ, হ্যালো...
ওপাশ থেকে ফিসফিস করে, ‘ঘুমিয়েছ?’
হাই তুলতে তুলতে বললাম, ‘কয়টা...কয়টা বাজে?’
: হবে তিনটা, চারটা, তুমি ঘুমাও নাকি?
: রাত তিনটা বাজে, ঘুমাব না তো কী করব?
: আচ্ছা, শোনো, তুমি যে ‘আহা রে’ বলো না, ওটা একবার বলো না শুনি।
: অ্যাঁ? কী বলি?
: ওই যে বলো না মাঝেমধ্যে...আহা রে!
: কই কী বলি? কবে কী বলছি?
: ওই যে দু-তিন বছর আগে বলেছিলে না?
: কবে, কী বলো তুমি এইসব?
: আরে বলছিলা, কী সুন্দর সামনে-পেছনে টেনে টেনে ‘আহা রে’ বলছিলা তুমি। বলো না এখন প্লিজ।

: অ্যাঁ...আমি বলব...অ্যাঁ কী?

: ‘আহা রে’ বলো।

: আমি? কাল...কালকে বলি?

: বলবে সত্যি?

: উঁ? হু...!

আবার ভাইব্রেশন। হাই তুলতে তুলতে বললাম, ‘হ্যালো, শুভ সকাল!

: হু, সকাল। বাইরে আসো তো একটু!

: কী? কই আসব?

: আরে, তোমার বাসার বাইরে আসো।

: কয়টা বাজে? তুমি এখন আমার বাসার সামনে? কী করো এইখানে তুমি?

: আসো তো তাড়াতাড়ি!

আমি নিচে নেমে গিয়ে বললাম, ‘কী হয়েছে বলবা?’

: বলো।

: কী বলব?

: ‘আহা রে!’ যেভাবে ‘আহা রে’ বলো, সেভাবে!

: কীভাবে বলি?

: আমি কী জানি! তুমি জানো! বলো এখন!

: আহা রে...আহা রে...আহা রে! হয়েছে? এ জন্য সকাল সাতটায় ঘুম থেকে তুলে নিয়ে এলে?

: হলো না, সেই ‘আহা রে’ বলা হলো না!

: আহা রে...আহা রে...!

: উহু, হচ্ছে না! সেই টান আসছে না তো!

: ধুর পারব না আমি!

: একটা সামান্য জিনিস আবদার করলাম, আর তুমি গাঁইগুঁই করছ!

‘ঢং বাদ দাও তো! আমি গেলাম।’ বলে আমি হাঁটতে শুরু করলাম। ও মুখ গোমড়া করে আমার পিছু পিছু হাঁটতে লাগল। হঠাৎ ‘ধপাস’ করে একটা আওয়াজ। আগের রাতে বৃষ্টি হয়েছে। রাস্তা পিচ্ছিল। ও একেবারে চিৎপটাং! অনেক কষ্টে হাসি চেপে তুলতে গেলাম ওকে। মুখ থেকে আনমনে বেরিয়ে এল, ‘আহা রে!’

ও হঠাৎ লাফিয়ে উঠল, ‘আরে, এই তো হয়েছে! আবার...!’ উঠতে গিয়ে আবারও ধপাস করে আছড়ে পড়ল ও। আমি হাসতে হাসতে বললাম, ‘আহা রে! আহা রে!’

গ্রন্থনা: আবু সাঈদ