ফেসবুক কর্নার

অজুহাত
১.
এক কর্মকর্তা বিল সই করার সময় ঘুষ নিতেন। ঘুষের টাকা নেওয়ার সময় উদাস ভঙ্গিতে বলতেন, ‘বুঝলেন ভাই, কিছু খেতে পারি না। শুধু পেঁপেটা একটু খাই। পেঁপের দাম যা বেড়েছে।’
ফাজিল টাইপের এক ঠিকাদার একবার শীতকালে ঘুষের টাকা কিছু কম দিয়ে বলল, ‘স্যার, পেঁপের দাম কমেছে তো, তাই কম দিলাম। গরমের সময় বাড়িয়ে দেব।’

২.
এক সকালে বসকে ফোন করেছে এক কর্মচারী।
: স্যার, আজ সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি। আজ অফিসে আসতে পারব না, স্যার।
: ঠিক আছে, ভালো কথা। কিন্তু এ রকম বৃষ্টি তো বাসায় যাওয়ার সময়ও হয়, তখন তো বাসায় ফোন করে বলেন না, বৃষ্টি হচ্ছে, আজ রাতে বাসায় ফিরব না!
রহমান তৌহিদ

বাবার বয়স
: তোর আব্বার বয়স কত, দোস্ত?
: ১১ বছর।
: অসম্ভব! এটা হতেই পারে না।
: কেন, আমার জন্মের পরই তো তিনি আব্বা হওয়ার সুযোগ পেলেন।
আনন্দ

ভবিষ্যদ্বাণী যেভাবে ফলে গেল
গত বছরের শুরুতে জ্যোতিষীর কাছে গিয়েছিল মোখলেস—
: জ্যোতিষী বাবা, আমার হাতটা দেখে দেবেন? নতুন বছরে আমার আয়-উন্নতি কেমন হবে?
: তোর হাতের রেখা বলছে তুই সবার থেকে অন্য রকম। রাজভাগ্য তোর। কিচ্ছু করতে হবে না, শুয়ে-বসে দিন কাটাবি, তারপরও বছরজুড়ে পয়সার ঝনঝনানির মধ্যে থাকবি তুই।
অবাক ব্যাপার, জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে! মোখলেসের দিন কাটে এখন শুয়ে-বসেই; তবে থালা হাতে রাজপথে। পয়সার ঝনঝনানিও শোনে সে প্রতিদিন।
সত্যজিৎ বিশ্বাস