ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক কর্নার
ফেসবুক কর্নার

facebook.com/Rosh.Alo

যে পোশাক তিনটি দেখতে পাচ্ছেন, তার প্রথমটি বানানো হয়েছে শুধু সিগারেটের বাঁট ব্যবহার করে। দ্বিতীয়টি পরিবেশবান্ধব, যাতে ব্যবহূত হয়েছে গাছের পাতা। আর শেষটি তো রীতিমতো অ্যাকুয়ারিয়াম। এই পোশাক কারও গায়ে থাকা অবস্থায়ও এর ভেতরে জীবন্ত গোল্ডফিশ রাখা যাবে। ভিন্নধর্মী পোশাকগুলো ডিজাইন করে রস+আলোর ফেসবুক পেজে পাঠিয়েছেন আহসান হাবিব

ব্যাকটেরিয়া
স্যার: সবাই ব্যাকটেরিয়া আঁকো।
ছাত্র: স্যার, এঁকেছি।
স্যার: কী এঁকেছিস! তোর খাতায় তো কিছুই আঁকা নেই!
ছাত্র: স্যার, ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না।
 ফাহিম-উল-হক

বিশ্বব্যাঙ
আমি একটা ব্যাঙ পালি। তার নাম দিয়েছি বিশ্ব। কিন্তু সবাই বিশ্বব্যাঙ বলে তাকে খ্যাপায়।
 তানভীর মাহমুদুল হাসান

পৃথিবীর সবচেয়ে ছোট আষাঢ়ে গল্প
আমাদের বাসায় ডিশের সংযোগ আছে, কিন্তু কেউই জি বাংলা
দেখে না।
 জাহিদ হাসান

বিভাগ পরিবর্তন
আমি তখন নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ি। আমার এক বন্ধু প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বিজ্ঞানের সব বিষয়ে ফেল করে। একদিন আমাদের ক্লাসটিচার ক্লাসে এসে আমার সেই বন্ধুকে ডেকে বলেন, ‘তোমার বিভাগ পরিবর্তন করা হবে। তোমার বাসায় সেটা জানিয়ে দিয়ো।’
তো পরদিন ক্লাসটিচার ক্লাসে এসে আবার বন্ধুটাকে জিজ্ঞেস করলেন, ‘গতকাল আমি যে কথাটি বলেছিলাম, সেটা কি তুমি তোমার বাসায় জানিয়েছ?’ বন্ধুটি বলল, ‘জি স্যার, বলেছি। কিন্তু, বাবা জিজ্ঞেস করেছেন, কোন বিভাগে পরিবর্তন করবেন? ঢাকা, নাকি অন্য কোনো বিভাগে?’
 তাপস নন্দী

ফেসবুক কর্নার
ফেসবুক কর্নার

ক্রোমোজোম
আমি যে কোচিংয়ে পড়াই, ওই কোচিংয়ে ক্লাস নাইনে এক ছাত্র আছে, যাকে দিয়ে আমি এক দিনও পড়া করাতে পারিনি। এমনিতেই পড়তে চায় না, তার ওপর আবার ভদ্রলোকের স্মৃতিশক্তি অতিশয় দুর্বল।
একদিন ওকে জিজ্ঞেস করলাম, বল তো n এবং n গুণ করলে কী হয়? কিছুক্ষণ চিন্তাভাবনা করে হাসিমুখে উত্তর দিল, স্যার, আমি অঙ্কে ৩৩ পাইছি।
গতকাল ওদের আমি কোষের গঠন পড়াচ্ছিলাম। ওকে পড়তে বললাম নিউক্লিয়াসের বিভিন্ন অংশের নাম। আমার বড় আশা ছিল, ওকে দিয়ে একটা বার পড়া করিয়ে নেব।
ও পড়তে থাকল নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম।
আমি আশায় বুক বেঁধে আছি। আজ অল্প পড়া, আজ যদি পারে। অবশ্য এর চেয়েও কম পড়া তার না পারার রেকর্ড আছে।
পাঁচ মিনিট পরে বললাম, পারবা?
জি স্যার, পারব, তার উত্তর।
বলো, নিউক্লিয়াসের কয়টা অংশ?
স্যার, চারটা।
কী কী?
স্যার, কী যেন একটা মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস...আর একটা কী যেন স্যার, মনে পড়ছে না।
বললাম, মনে করতে চেষ্টা করো।
ও নাক-মুখ কুঁচকে মনে করতে থাকল। আমার মতোই পুরো ক্লাসের সবাই উত্তেজিত। প্রিতম আজ প্রথমবার পড়া পারার খুব কাছাকাছি।
বাকি ছিল একটাই। ক্রোমোজোম।
অনেক ভেবেচিন্তে ঠোঁট কামড়ে, মাথা চুলকে প্রিতম উত্তর দিল, স্যার, প্রজনন।
 পসর ভৌমিক

অপারেটিং সিস্টেম
বর্তমানে অনেক স্মার্টফোনই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের। এই অপারেটিং সিস্টেমের সংস্করণগুলোর নাম বেশ মজার, বিদেশি খাবারের নামে। যেমন Ginger bread (আদা পাউরুটি), Jelly bean (মোরব্বা বরবটি), Ice cream sandwich। এবার দেখা যাক, বাংলাদেশের তৈরি অপারেটিং সিস্টেমের নামগুলো কেমন হতে পারে। ১. গ্রামের মানুষের উপযোগী ‘পান-সুপারি’ অপারেটিং সিস্টেম ২. গরিবদের উপযোগী ‘ডাল-ভাত’ ৩. প্রেমিকদের উপযোগী ‘চটপটি-ফুচকা’।
 মর্তুজা জনি

ঘরজামাই
আগে বলা হতো, বুদ্ধি থাকলে ঘরজামাই থাকতে হয় না। কিন্তু এখন দিন বদলেছে! এখন যে দুর্মূল্যের বাজার, তাতে বুদ্ধি থাকলেই শুধু ঘরজামাই থাকা সম্ভব এবং বুদ্ধিমানেরাই এটা করছে।
 অলিউর রহমান