
পাস, না ফেল
ছাত্র: স্যার, আপনি ক্লাসে ঢোকার আগে আমার খুব মন খারাপ হয়। আমার মনে হয়, আমি ফেল করব। কিন্তু আপনি এত ভালো করে পড়ান, তাই যখন ক্লাস থেকে চলে যান, তখন আবারও আমার মনে পাস করার আশা জাগে।
স্যার: আমিও প্রতিদিন অনেক আশা নিয়ে ক্লাসে ঢুকি যে তুই এবার পাস করবি। কিন্তু ক্লাস থেকে বের হওয়ার সময় খুব মন খারাপ হয়, মনে হয় তুই এবারও ফেল করবি।
অহর্নিশ অহনা

চাঁদাবাজি
দশম শ্রেণির টেস্ট পরীক্ষা চলছে। পাশে বসা সাইদুলকে বললাম, ‘চাঁদা দে।’ সাইদুল শুনতে না পাওয়ায় আরেকবার বললাম, ‘কিরে চাঁদাটা দিতে পারছিস না? জলদি দে বললাম।’ স্যার আমার কথা শুনতে পেলেন, পাশে এসে বললেন, ‘ছিঃ ছিঃ! পরীক্ষার হলে নকল করতে দেখেছি, এই প্রথম চাঁদাবাজি করতে দেখলাম, তাও পরীক্ষার সময়। লজ্জা করে না?’ আমি কথা না বাড়িয়ে সাইদুলের জ্যামিতি বক্স থেকে চাঁদা নিয়ে জ্যামিতির কোণ আঁকায় মনোযোগ দিলাম।
আনিসুর রহমান
বাজারপত্র
কলেজে পড়ার সময় এক মেয়েকে খুব ভালো লাগত। মেয়েটার সঙ্গে প্রতিদিন সকালে কলেজে যাওয়ার সময় দেখা হতো। সাহস করে একদিন তাকে মনের কথা আর মুঠোফোন নম্বর লিখে একটা চিঠি দেব বলে ঠিক করলাম। চিঠি নিয়ে একটু সকাল সকাল বের হতে যাব, এমন সময় মা আমাকে একটা বাজারের ফর্দ হাতে ধরিয়ে দিয়ে বললেন, ‘কলেজের তো এখনো দেরি আছে, তুই আগে বাজার করে আন।’ মায়ের কথায় অগত্যা বাজার করে আনলাম। ফেরার সময় দেখলাম মেয়েটা যাচ্ছে। নার্ভাস হয়ে তাকে ডাক দিলাম। কোনো রকমে চিঠিটা তার হাতে ধরিয়ে দিয়েই হাঁটা শুরু করলাম। বাসায় এসে মাকে বাজার আর ফর্দটা ফেরত দিলাম। মা

ফর্দমতো সব এনেছি কি না দেখতে দেখতে বললেন, ‘বাজারের হিসাবটা দেখে যা বুঝলাম, তুই অঙ্কে বরাবরই কাঁচা। নিজের মোবাইল নম্বরটা পর্যন্ত ঠিক করে লিখতে পারিস না?’ মায়ের হাত থেকে কাগজটা নিয়ে দেখি, ওটা আমার লেখা চিঠি আর মুঠোফোন নম্বরে শেষের ডিজিটটা ভুল লেখা। মেয়েটাকে বাজারের ফর্দটা ভুলে দিয়ে এসেছিলাম সেদিন।
অনিক ইসলাম
জার্মান
আমাদের কুকুর ফ্রাংকির একটা ছানা হয়েছে। আমার ছোট বোন মৌনতা খুব শখ করে সেটার নাম দিল রাশ। আরমান স্যার আমাদের পড়ান। নাম শুনে তিনি গম্ভীর মুখে বললেন, ‘রাশ তো ফ্রাংকির সঙ্গে মেলে না। ওর সঙ্গে মিলিয়ে কোনো নাম দাও। নাম তো মিলিয়ে হলেই ভালো লাগে।’ ছোট বোন মৌনতা বলে উঠল, ‘স্যার, আপনার নাম তো আরমান। তাহলে আপনার মেয়ের নাম জার্মান রাখেননি কেন?’
ফারহাত মৃত্তিকা