ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁকা: শিখা
অাঁকা: শিখা

লেখা
প্রতি সোমবার অপেক্ষা করি রস+আলোয় নিজের লেখা দেখার জন্য। প্রতি সোমবারই মন খারাপ হয়, লেখা ছাপা হয় না। বন্ধুরাও টিটকারি মারতে শুরু করে, ‘কিরে, তোর লেখা তো প্রতি সংখ্যায়ই দেখি!’ জবাব না দিয়ে শুকনো মুখ করে ঘুরি আমি। গত সপ্তাহে রস+আলো খুলে দেখি আমার লেখা! খুশিতে নাচতে নাচতে রস+আলোটা হাতে নিয়ে হলের রুমমেটকে ডাক দিলাম, ‘দেখ দেখ, আমার লেখা রস+আলোয়।’ রুমমেট আগ্রহ নিয়ে এগিয়ে এল, ‘কই দেখি!’ হাতের রস+আলোটা বাড়িয়ে দিয়ে বললাম, ‘নে, পড়। আমার লেখা!’ তবে কিছু বুঝে ওঠার আগেই হো হো করে হেসে উঠল ও। ভাবলাম, বাহ! আমার লেখা এতই মজার হয়েছে, পুরোটা না পড়েই হাসছে! কিন্তু না। ও আমার দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে বলল, ‘আমার নোটগুলা কবে রস+আলো হইল? চোখে পানি দিয়ে আয়, ঘুম মনে হয় কাটে নাই।’
কায়সার হক

ভবিষ্যতের দোয়াপ্রার্থী
চট্টগ্রাম নিবাসী জনাব বজলুল ইসলাম চৌধুরী সাহেবের প্রথম পুত্র জনাব মজলুল ইসলাম চৌধুরী আগামীকাল ৫ মে ২০১৫, রোজ মঙ্গলবার সেলফি তোলার উদ্দেশ্যে ব্যাংকক ও মালয়েশিয়া গমন করিবেন। ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে চেক–ইন প্রদানের মাধ্যমে তিনি তঁাহার যাত্রা আরম্ভ করিবেন। পরবর্তী সময়ে প্লেনে চড়িবামাত্রই ‘অ্যাট থাই এয়ারওয়েজ বিজনেস ক্লাস! ফিলিং অসাম!’ ক্যাপশন দিয়া প্রথম ছবি আপলোড করিবেন বলিয়া আশা করা যাইতেছে। এই যাত্রায় তিনি শুধু থাইল্যান্ডের ফুকেট ও মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানের সামনে সেলফি তুলিবেন বলিয়া আশাবাদ ব্যক্ত করিয়াছেন। যাত্রাসঙ্গী হিসেবে তিনি নিয়াছেন একটি স্যামসাং গ্যালাক্সি ফোন, একটি আইফোন, সেলফিস্টিক, বিভিন্ন ধরনের চার্জার ও মাল্টি প্ল্যাগ। বিদেশে অবস্থানকালে নেটওয়ার্কের সমস্যার কারণে ছবি আপলোড করিতে বিলম্ব হইতে পারে বিধায় তিনি অগ্রিম দুঃখ প্রকাশও করিয়াছেন। উল্লেখ্য, অতীতে তিনি চট্টগ্রাম বিভাগের বান্দরবান, কক্সবাজারসহ শহরের সকল রেস্টুরেন্টে সেলফি প্রকাশ করিয়াছেন, যাহা সুধী মহলে বিশেষ প্রশংসা কুড়াইয়াছে। তিনি সকলের দোয়া প্রার্থী।

তারিকুল ইসলাম