ফেসবুক কর্নার

উদ্ভিদের উপকারিতা
একবার এক রাগী স্যার জীববিজ্ঞান ক্লাস নিচ্ছিলেন। প্রসঙ্গক্রমে উদ্ভিদের উপকারিতা বোঝাতে গিয়ে বললেন, ‘আমরা ভাত খাই, চাল আসে উদ্ভিদ থেকে; রুটি খাই, গম আসে উদ্ভিদ থেকে; শাকসবজি খাই, তা–ও আসে উদ্ভিদ থেকে...।’ তখন আমার পাশের ছেলেটা কানের কাছে ফিসফিস করে বলল, ‘মার খাই, বেতও আসে উদ্ভিদ থেকে!’
তৌসিফুল ইসলাম
কবিতার নতুন চরণ
ক্লাস নাইনে একবার পদার্থবিজ্ঞান পরীক্ষার সময় নিউটনের সূত্রগুলো মনে পড়ছিল না। তাই পেছনের জনেরটা দেখে লেখার চেষ্টা করছিলাম। স্যার কিছুক্ষণ পর আমার কাছে এসে বললেন, ‘এই ছেলে, তুমি বারবার পেছনের জনের খাতা দেখে লিখছ কেন?’ আমি স্যারের হাত থেকে খাতা বাঁচানোর জন্য বললাম, ‘স্যার, কবি বলেছেন, একবারে না পারিলে দেখ শতবার।’ স্যার মুচকি হেসে বললেন, ‘তুমি হয়তো পরের দুই চরণ পড়োনি। চরণ দুটি হলো: ‘যত খুশি দেখ তবে ঘুরাইয়ো না ঘাড়/ আর যদি ধরা খাও, পাবে না তো ছাড়।’
অতঃপর স্যার কর্তৃক আমার খাতা অধিগ্রহণ ও প্রস্থান।
মো. লুৎফর রহমান

আরেক ডাটা
গবেষণার কাজে এক স্কুলে গেছি। স্কুলের হেডস্যারকে বললাম, ‘স্যার, আগামীকালের মধ্যে ডাটাগুলো কালেক্ট করে দিতে পারলে খুব ভালো হয়।’ বের হওয়ার সময় স্যারের পিয়ন ডাক দিয়ে বললেন, ‘স্যার, আপনার ডাটাগুলা কখন লাগবে?’
: আগামীকাল দুপুরের মধ্যে হলে ভালো হয়।
: স্যার, আপনি টেনশন কইরেন না। আমি আগামীকাল সকালেই আপনাকে দিয়ে আসব।
আনন্দে পিয়নকে ১০০ টাকা চা খাওয়ার জন্য দিয়ে দিলাম। পরদিন সকাল সাতটায় বাসায় এসে তিনি বললেন, ‘স্যার, আপনার ডাটা নিয়ে আসছি।’
: কোথায়?
: এই রে, এদিকে আয়। ভিতরে ডাটাগুলি রেখে আয়।
তাকিয়ে দেখি একটা ঝুড়িভর্তি ডাঁটাশাক নিয়ে আসছে ছেলেটা।
শাফিকুল ইসলাম
চাপা স্যার
আমাদের গণিত স্যার অনেক চাপা মারতে পারেন। তিনি হলেন আমার দেখা সেরা চাপাবাজ। একদিন হলো কী, স্যার ক্লাসে এলেন। এসে আমাদের ক্লাসমেট প্রমিতকে বললেন, ‘বুঝলি, তোর কপাল ভালো! তোর বাবার সাথে দেখা হইছিল। তোর নন্দিনীর কথা বলিনি।’ প্রমিতের আবার এক মেয়ের ওপর ‘ইয়ে’ ছিল। প্রমিত প্রশ্ন করল, ‘কেন বলেন নাই, স্যার?’
: ওই যে, তোর কপাল ভালো।
: স্যার, আপনি কি ঢাকা থেকে এলেন এখানে?
: নাহ্, কেন?
: আমার বাবা তো এখন ঢাকায়, স্যার...
আনিকা জাইমা
প্লিজ স্যার!
কলেজে ইয়ার ফাইনাল পরীক্ষা চলছিল। কোনো এক ‘পরীক্ষাগত’ প্রয়োজনে সামনে বসা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। এমন সময় স্যার এসে খাতা টানাটানি শুরু করলেন। আমি আকুতি জানিয়ে বললাম, ‘স্যার, আর করব না! স্যার, প্লিজ, স্যার, স্যার...!’ স্যার বললেন, ‘হাতটা সরাও, সই করব।’
মাহমুদুল হাসান