ফেসবুক কর্নার

ভ্রু–রহস্য
ছোটবেলায় আম্মুর সঙ্গে একদিন পারলারে গেলাম চুল কাটাতে। কিছুক্ষণ বসে থাকার পর এক আন্টি এলেন। পারলারের এক কর্মীকে কী যেন বলেই প্রায় আধশোয়া হলেন একটা সিটে। তারপর ওই কর্মী একটা সুতা ছিঁড়ে তাতে ক্রিমজাতীয় কিছু লাগিয়ে আন্টির ভ্রুতে ঘষতে লাগল। আমি অবাক হয়ে দৃশ্যটা দেখতে লাগলাম। আন্টি সিট থেকে ওঠার পর দেখি তাঁর ভ্রু প্রায় বিলীন! বাসায় এসে কারণটা উদ্ঘাটন করতে আমিও সুতায় ভ্যাসলিন লাগিয়ে আমার ভ্রুতে ঘষতে লাগলাম। কিন্তু একটু পর মাথায় এল, এত কষ্ট করে সুতা দিয়ে এসব করার কী দরকার! আব্বুর রেজর দিয়ে করলেই তো হয়! মনে মনে নিজের বুদ্ধিতে নিজেই মুগ্ধ হয়ে গেলাম! মুগ্ধতা কাটতে না কাটতেই হাতে তুলে নিলাম আব্বুর রেজরটা, তারপর একটা টান দিলাম ভ্রুর ওপরে...! ব্যস!
ফারনাজ কাদের
চোর–পুলিশ
রাত প্রায় বারোটা। গ্রামে অনেক রাত। আকাশে অর্ধেক চাঁদ। আমরা পাঁচ বন্ধু। এক বন্ধুর বিয়ে থেকে ফিরছি। যানবাহন পাইনি, তাই পায়ের ওপরেই ভরসা। গ্রামের মেঠো পথ। দুই পাশে বাড়িঘর। আম, জাম আর কাঁঠালগাছের সারি। হঠাৎ একটা আমগাছে দৃষ্টি আটকে গেল আমাদের। টসটসে সব পাকা আম চেয়ে আছে আমাদের দিকে! ‘গেছো ইসমাইল’ গাছে উঠল তরতর করে। ডালে এক ঝাঁকি দিতেই ধুপধাপ শব্দ। নিচে আমের স্তূপ হয়ে গেল কয়েক মিনিটেই। আমরা আম কুড়াব, তখনি শুনি ঘরের দরজা খোলার শব্দ! ইসমাইলকে গাছে রেখেই বাকিরা দিলাম ভোঁ দৌড়। একটু দৌড়ে পেছনে ফিরে তাকাতেই আমরা অবাক! কী আশ্চর্য, গাছের মালিক উল্টো দিকে দৌড়াচ্ছেন। কৌতূহলী হয়ে আবার ফিরে গেলাম। ইসমাইল লোকটাকে চিনত, সে জানাল, গাছের মালিক আমাদের পুলিশের লোক ভেবে দৌড় দিয়েছেন। তাঁর বিরুদ্ধে নাকি অনেক মামলা!
মাহদী হাসান
বিল গেটসের কাছে ই–মেইল
কদিন আগে আমার বন্ধু ল্যাপটপ কিনেছে। ল্যাপটপের অপারেটিং সিস্টেম উইন্ডোজ। কিছু সমস্যায় পড়ে উইন্ডোজের ওপর ভক্তি চলে গেল ওর। তাই প্রতিবাদ জানিয়ে একটা ই–মেইল করল মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে! চিঠিটা ছিল এ রকম—
জনাব গেটস,
আপনার ল্যাপটপের কি–বোর্ডের অক্ষরগুলো ঠিকভাবে সাজানো নাই! ‘এ’–র পরে ‘এস’, তারপরে ‘ডি’! এটা কোনো কথা! ছেলেবেলায় এ বি সি ডি শেখেন নাই ঠিকমতো? যাহোক, উইন্ডোজে স্টার্ট বাটন আছে কিন্তু স্টপ বাটন তো নাই। কেন? Ms Word আছে, কিন্তু Mr Word কবে বেরোবে? Ms–দের দেখলে মাথা ঠিক থাকে না, নাকি? এসব ভণ্ডামি ছাড়েন, বুঝলেন? এর ওপর আবার আরেক গ্যাঞ্জাম, প্রায়ই একটা মেসেজ আসে, ‘প্রেস এনি কি টু কনটিনিউ’! এই ‘এনি কি’টা কি–বোর্ডের কোথায় থাকে? দুই দিন ধরে খুঁজেও এই ‘কি’ পাচ্ছি না! এসবের মানেই বা কী? আর আপনি নিজে হলেন গেটস (অনেকগুলো দরজা), দরজা হয়ে উইন্ডোজ (অনেকগুলো জানালা) বানালেন কেন? আসলেই আপনার সমস্যাটা কী?
ইতি
জনৈক ভুক্তভোগী
মেজবাউল আলম

কিপটের চিরুনি
এক কিপটে গেল চিরুনি কিনতে—
কিপটে: ভাই, একটা চিরুনি দেন তো। পুরানটার একটা কাঁটা ভেঙে গেছে।
দোকানদার: একটা কাঁটা ভাঙছে তো আবার নতুন চিরুনি কিনবেন?
কিপটে: না রে ভাই, ওটাই ছিল চিরুনিটার শেষ কাঁটা!
আহসান আলী