ফেসবুক কর্নার
যেভাবে বিয়ে হয়!
সকালে অফিসে গিয়ে বসকে বললাম, ‘স্যার, আমার তিন দিন ছুটি লাগবে।’
বসের সামনে কড়া লিকারের চা। সেই চায়ের থেকেও কড়া চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ‘কেন?’
: স্যার, কাজিনের আকদ্।
: কাজিনের আকদ্, তাতে তোমার কী?
: না স্যার, একই ব্লাড তো...
: কাজিন ছেলে না মেয়ে?
: মেয়ে কাজিন, স্যার। চাচাতো বোন।
উত্তর শুনে বস চোখ সরু করে বললেন, ‘তো কাজিনের কোনো ননদ আছে?’
আমি খানিকটা বিরক্ত, কিন্তু সেটা প্রকাশ না করে বললাম, ‘জি স্যার, আছে, দূর সম্পর্কের ননদ।’
: ওহ্, এ জন্যই এত আগ্রহ!
: না স্যার, ইয়ে মানে...
: এক কাজ করো, তোমার কাজিনের ননদের বাবাকে আমাদের ফ্যাক্টরিতে আসতে বলো। তোমাকে ওই দিনের জন্য আমার চেয়ার ছেড়ে দেব। আর আমি ওই দিন ছুটি নেব। অফিসের অন্যরা তোমাকে ওই দিন স্যার স্যার করবে। ব্যস, মেয়ের বাবা মুগ্ধ হয়ে যাবে। মামলা ডিশমিশ! তোমার কাজও হয়ে গেল, ছুটিও লাগল না!
বসের কথা শুনে আমি ‘ইয়ে মানে মানে’ বলে তাঁর রুম থেকে বের হয়ে গেলাম। বসের মাথা খারাপ জানি, এতটা যে খারাপ, সেটা ধারণা ছিল না! দুই ঘণ্টা পর এক সিনিয়র অফিসার আমাকে ডাকলেন, ‘তানভীর, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমাকে বললাও না?’ আমি আর কী বলি! বাকরুদ্ধ হওয়া ছাড়া উপায় আছে?
তানভীর অভিক

হেড স্যারের জেরা
তখন ক্লাস ফোর কি ফাইভে পড়ি। আমাদের বয়েজ স্কুলে নিয়মনীতি বেশ কড়া ছিল। নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে হবে, তা না হলে কঠিন শাস্তি। সাজার ভয়ে সবাই ক্লাসে সময়মতো উপস্থিত হওয়ার চেষ্টা করত। একদিন দুর্ভাগ্যক্রমে আমার সবচেয়ে ভালো বন্ধু আসিফ আর আমি ক্লাসে সময়মতো উপস্থিত হতে পারলাম না। দৌড়ে এসে স্কুলে ঢুকতে যাব, সামনে হেড স্যারের আগমন! দ্বিতীয় কোনো পথ নেই যে পালাব! স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে স্যার আমাদের জেরা করতে শুরু করলেন—
: তোমার আসতে দেরি হলো কেন?
: বাসা থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল।
: আগে বের হলে না কেন?
: ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল।
: ঘুম থেকে উঠতে দেরি হলো কেন?
: রাত জেগে হোমওয়ার্ক করেছিলাম।
: বিকেলেই হোমওয়ার্ক সেরে ফেলোনি কেন?
: স্কুল থেকে বাসায় ফিরতে দেরি হয়েছিল।
: স্কুলে এতক্ষণ কী করেছিলে?
: গতকাল টিচার দুই ঘণ্টা ডিটেনশন দিয়েছিলেন।
: ডিটেনশন দিয়েছিল কেন?
: ইয়ে মানে...স্যার, গতকাল স্কুলে দেরি করে এসেছিলাম তো!
অর্পণ দাশগুপ্ত