ফেসবুক কর্নার

সেলফি তুললেই বিপদ!
বাসায় বসে সেলফি তুলছিলাম। ছোট ভাই এসে বলল, ‘দাদা, সেলফি তুলো না! সেলফি তুললে পাপ হয়!’
আমি বললাম, ‘কী পাপ হয়?’
ছোট ভাই বলল, ‘সেলফি তুললে মুখ বাঁকা হয়ে যায়!’
অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘তুই জানলি কীভাবে?’
ছোট ভাই বিজ্ঞের মতো বলল, ‘আমি দেখেছি, যেসব ছেলেমেয়ে বেশি বেশি সেলফি তোলে, তাদের সবার মুখ বাঁকা থাকে! সেলফি তুলতে গেলেই মুখ বাঁকা হয়ে যায়! বেশি সেলফি তোলে বলেই অমন হয়!’
সাব্বির আহমেদ

ফিলিংস বিড়ম্বনা
ফেসবুকে প্রেমিক-প্রেমিকার মধ্যে কথা হচ্ছে—
: শোনো না জানু, আমার না একটা স্ট্যাটাস দেওয়ার খুব ইচ্ছে করতেছে।
: দিয়ে ফেলো।
: আচ্ছা, সবাই যে স্ট্যাটাসে ফিলিংস অ্যাড করে, ওটা কীভাবে করে, একটু বলে দিবা প্লিজ!
: ফিলিংস অ্যাড করতে পারো না! ঠিক আছে, তাহলে তুমি মোরে যাও।
: কী বললা?
: বললাম যে মোরে যাও। মোরে গেলে সব পাবা।
: তুমি আমাকে মরে যেতে বলছ?
: হ্যাঁ, তোমাকে তো মোরে যেতেই বলছি।
: ও, এখন তো তুমি আমাকে মরে যেতেই বলবা। এখন তো আর আমাকে তোমার ভালো লাগে না! লাগবেই বা কেন...
: আরে বাবা, তুমি ভুল বুঝতেছ! আমি তোমাকে মরে যেতে বলিনি তো! আমি তোমাকে বলেছি, ফেসবুকের ‘মোর’ অপশনে যেতে। মোরে গেলে অ্যাড ফিলিংস দেওয়া যায়।
সাদমান হাফিজ
নিয়ারেস্ট কাস্টমার কেয়ার
রুমমেটের সঙ্গে গল্প করছিলাম। একপর্যায়ে সে তার জীবনের বাস্তব কিন্তু মজার একটা ঘটনা বলল। তার ভাষাতেই বর্ণনা করা যাক—
দুপুরবেলা রুমে শুয়ে আছি। চোখে কিছুটা ঘুম-ঘুম ভাব। এমন সময় ফোন বেজে উঠল। এক বন্ধুর ফোন। রিসিভ করলাম। আমি কোনো কিছু বলার আগেই সে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ‘দোস্ত, নিয়ারেস্ট কাস্টমার কেয়ার চিনিস?
: আগে তো কখনো নাম শুনিনি? কোথায় এটা?
: আরে তা জানলে কি তোকে ফোন করতাম?
: কী হয়েছে বল তো?
: আর বলিস না! টেলিটক বর্ণমালা সিমের জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। আজকে একটা এসএমএস এসেছে। তাতে বলেছে, ‘প্লিজ কালেক্ট ইয়োর সিম ফ্রম নিয়ারেস্ট কাস্টমার কেয়ার। এখন নিয়ারেস্ট কাস্টমার কেয়ার কোথায় খুঁজে পাব বল তো?’
আমি আর কী জবাব দিই! মনের ভাব প্রকাশের জন্য ‘নিয়ারেস্ট’ কোনো ভাষা খুঁজে পেলাম না!
তৌকির আহমাদ