ফেসবুক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিকাশ
ভাইয়ের বিয়ের কথা চলছে। মেয়ে দেখা চলছে পুরোদমে। বরগুনা থেকে মেজ খালা সেদিন জানালেন, তাঁর পরিচিত এক ভালো মেয়ে আছে। মা বললেন, ‘আপা, ছবি সেন্ড করেন, দেখি।’
খালা বললেন, ‘আচ্ছা ছবি তাহলে বিকাশ করে দিই?’
আহাদ আদনান

লুঙ্গিতত্ত্ব
বাস্তব জীবনে লুঙ্গি বেশ আরামদায়ক, যথেষ্ট বিপজ্জনকও বটে। সুদীর্ঘ তিন দিন গবেষণা করে লুঙ্গি সম্পর্কিত কিছু সূত্র পেয়েছি, যা মানবকুলের জন্য হুমকিস্বরূপ! এ ছাড়া গবেষণায় ব্যর্থতা ছিল, আবার লুঙ্গি ঘিরে কিছু স্বপ্ন ও উদ্দেশ্য আছে আমার!
সূত্র:
১. কোনো আলোক উৎস হইতে লুঙ্গির সম্মুখভাগে আলো পতিত হইলে পশ্চাদ্ভাগে হইতে অভ্যন্তরের সকল কিছু পরিলক্ষিত হয়!
২. লুঙ্গি পরে কখনো লাথি মারা যায় না। মারতে গেলে হয় লুঙ্গি ঠিক থাকবে না, নয়তো মানসম্মানের বারোটা বেজে যাবে। তবে কাছা মেরে নিলে জীবনে অনেক কিছুই করা সম্ভব।

৩. লুঙ্গি পরে ক্রিকেট খেলায় ফিল্ডিংয়ে সমূহ বিপদের আশঙ্কা থাকলেও ব্যাটিংয়ের সময় বোল্ড করা প্রায় অসম্ভব।

ব্যর্থতা: বৃত্তাকারভাবে লুঙ্গির চারদিকে ঝুলন বিন্দু সমান থাকলেও গিঁট বাঁধার সময় সামনের অংশ এক হাত ওপরে উঠে যায়। অনেক চেষ্টা করেছি, ইউটিউবে সার্চ করে টিউটোরিয়ালও দেখেছি। কিন্তু তারপরও ঠিক সমানভাবে লুঙ্গি পরতে পারিনি! মিশন ইম্পসিবল সেভেন!

স্বপ্ন: তামিল সিনেমার নায়কদের মতো কোনো একদিন লুঙ্গি পরে আমিও ফ্রি স্টাইলে নাচতে পারব। ‘ও ইয়া রা রা নাক্কা মুকা নাক্কা মুকা...’

উদ্দেশ্য: লুঙ্গিকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চাই।
আবু আনন্দ