ফেসবুক কি বিনা মূল্যে?

ফেসবুকের মূল পাতায় সাইন-আপ অংশে লেখা আছে ‘ইটস ফ্রি, অলওয়েজ উইল বি’। আসলেই কি তাই? ইন্টারনেটের বিভিন্ন ‘ফ্রি’ সেবায় আকৃষ্ট হয়ে ডিজিটাল বাজারে আসলে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তাকে একরকম উৎসর্গ করা হচ্ছে। ব্যবহারকারীর প্রতিটি ক্লিক, বার্তা এবং ইলেকট্রনিক চিহ্ন এগুলো হলো একেকটা লাভজনক খনি।
প্রত্যেকটা ডিজিটাল স্পর্শই বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস। সেখানে যতটা সময় ব্যয় করেন ব্যবহারকারী, ততটাই বেড়ে যায় প্রতিষ্ঠানটির আয়-উপার্জনের সম্ভাবনা। সম্প্রতি এ বিষয়ে প্রকাশিত এক গবেষণায় এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটের মধ্যে শীর্ষে থাকা ফেসবুকের আসল বিপদ হলো, অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহারকারীদের তথ্য ও বিষয়বস্তু ব্যবহার করা হচ্ছে নানাভাবে।
যদিও ফেসবুক তাদের ব্যবহারকারীদের অনুমতি ব্যতিরেকে ব্যক্তিগত পোস্ট অন্যদের সঙ্গে শেয়ার করে না। কিন্তু ব্যবসায়িক মডেল হিসেবে ব্যবহারকারীদের ওপর নিখুঁত নজরদারি আর গোয়েন্দাগিরি চালায় নিজেদের জন্য। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক বা তরুণেরা ফেসবুক বাদ দিয়ে স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন বার্তাবিনিময় অ্যাপলিকেশনের সঙ্গে যুক্ত।
এতে আরও বলা হয়, ইন্টারনেট কার্যত বেদখল হয়ে আছে। একদিকে সরকার বিভিন্ন এজেন্সির ওপর গোয়েন্দাগিরি চালায়, অন্যদিকে ফেসবুক এবং গুগলের মতো প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তার তথ্যগুলো সংগ্রহ করে নিজেদের কাজে লাগায়।
এত সব নজরদারির ভেতর অপেক্ষাকৃত কম বয়সীরা মনে করে তাদের জন্য ফেসবুক খুব সামান্যই গোপনীয়তার ব্যাপারে সুরক্ষা দিতে পারছে। তাই একেবারে সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া নয়, তবে ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর যতটা সম্ভব নিজেদের একান্ত ব্যক্তিগত তথ্য এসব মাধ্যমে কম শেয়ার করাটা ভালো বলে মতামত দিয়েছেন প্রযুক্তিনিরাপত্তা বিশেষজ্ঞরা।
— গার্ডিয়ান অবলম্বনে মঈন চৌধুরী