ফেসবুক কী সরায়, কেন সরায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের কোন কনটেন্ট (লেখা, ছবি, ভিডিও ইত্যাদি) রাখা যাবে, কী সরাতে হবে এবং কেন সরাবে তা নির্ধারণে নিজেদের মতো করে কিছু নীতিমালা অনুসরণ করে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের সেই সব অভ্যন্তরীণ নীতিমালা নিয়ে অনুসন্ধানভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা। গার্ডিয়ান-এর দাবি, ফেসবুকের শতাধিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট নথিপত্র দেখেছে তারা। এতে করে সহিংসতা, ঘৃণা ছড়ানো বক্তব্য, সন্ত্রাস, পর্নোগ্রাফি, বর্ণবাদের মতো বিষয়ে ফেসবুকের নীতিমালা প্রকাশ্যে এসেছে।

গার্ডিয়ান বলেছে, ফেসবুকের নীতিমালায় অনেক অস্পষ্টতা আছে। অনেক কিছুই অসংগতিপূর্ণ ও বিভ্রান্তিকর। সেসব বিষয় জানার পর ব্যাপক তর্ক-বিতর্ক শুরু হয়ে যেতে পারে। সহিংসতার ক্ষেত্রে রয়েছে বিভ্রান্তিকর নির্দেশনা। সচেতনতা সৃষ্টির কথা বলে এ ধরনের ভিডিওর কোনো কোনোটি ফেসবুক মুছে দেওয়ার পক্ষপাতী নয়। যেমন সহিংস মৃত্যুর ঘটনার ভিডিও। এই ভিডিওগুলো মুছে দেওয়ার পরিবর্তে ‘বিরক্তিকর’ বিভাগে রাখার পক্ষে ফেসবুক কর্তৃপক্ষ।

ব্যক্তিবিশেষের ক্ষেত্রে ফেসবুকের নীতিতে বৈষম্য রয়েছে বলেও গার্ডিয়ান-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে। সাম্প্রতিক সময়ে মডারেটরদের সরবরাহ করা ফেসবুক কর্তৃপক্ষের নির্দেশনার কিছু নথি অনুযায়ী, ‘কেউ ট্রাম্পকে গুলি করেছে’—এ জাতীয় বক্তব্য অবশ্যই সরিয়ে দিতে হবে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রাষ্ট্রের প্রধান হওয়ায় তিনি সংরক্ষিত ক্যাটাগরিতে পড়বেন। তবে ‘কারও ঘাড় ভাঙতে আপনাকে তাঁর গলার মাঝ বরাবর পুরোপুরি বল প্রয়োগ করতে হবে’, ‘আমি আশা করি, কেউ তোমাকে হত্যা করুক’ জাতীয় বক্তব্য অনুমোদন পেতে পারে। ফেসবুকের ভাষ্য, এ ধরনের বক্তব্য বিশ্বাসযোগ্য হুমকির পর্যায়ে পড়ে না।

ছবির ক্ষেত্রেও একই রকম নীতি রয়েছে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির। শারীরিক নির্যাতন ও শিশুর ওপর তর্জন-গর্জনের ছবি মুছে দেওয়ার পক্ষে নয় ফেসবুক। তবে এ ধরনের ছবি যদি নিপীড়নমূলক হয়ে থাকে, তাহলে তা মুছে দিতে হবে। পশুপাখির ওপর নিপীড়নের ছবি অনুমোদন পাবে, তবে যদি হৃদয়বিদারক হয়, তাহলে তা ‘বিরক্তিকর’ হিসেবে চিহ্নিত হবে। ‘হাতে তৈরি’ সব ধরনের নগ্ন ও যৌন কার্যকলাপের পোস্ট অনুমোদন পাবে, তবে ডিজিটাল প্রযুক্তিতে তৈরি যৌন কার্যকলাপ মুছে দেওয়া হবে। নগ্নতা না থাকলে গর্ভপাতের ভিডিও পোস্টও অনুমোদন পাবে।

গার্ডিয়ান আরও জানায়, ব্যবহারকারীকে নিজের ক্ষতি করার দৃশ্য সরাসরি সম্প্রচারেও ফেসবুক অনুমোদন দেয়। কারণ প্রতিষ্ঠানটি হতাশাগ্রস্ত মানুষকে শাস্তি দিতে চায় না বা তাদের কার্যকলাপ সেন্সর করতে চায় না। এক লাখের বেশি অনুসারী রয়েছে এমন ব্যক্তিকে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে ‘পাবলিক ফিগার’ বলে চিহ্নিত করা হয়। এ ধরনের ব্যক্তিরা সাধারণ অ্যাকাউন্টধারীদের মতো নিরাপত্তা পাবেন না।

ফেসবুকের নথি থেকে জানা গেছে, প্রতিষ্ঠানটির নির্বাহীদের অনেক ক্ষেত্রে ‘১০ সেকেন্ডের মধ্যে’ সিদ্ধান্তে পৌঁছাতে হয়। একটি সূত্র বলেছে, ‘ফেসবুক তার কনটেন্টগুলো নিয়ন্ত্রণ করতে পারে না।’

ফেসবুকের বৈশ্বিক নীতি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মনিকা বিকার্ট বলেন, প্রায় ২০০ কোটি মানুষ তাঁদের সেবা নিয়ে থাকেন এবং এই বিপুলসংখ্যক ব্যবহারকারীর ক্ষেত্রে কোন পোস্ট অনুমোদন দেওয়া হবে, আর কোনটা দেওয়া হবে না, সে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তিনি আরও বলেন, শেয়ার করা কোন বিষয়টি সঠিক, তা নিয়ে বিভিন্ন মানুষের ধারণাও বিভিন্ন। কাজেই ফেসবুকে কোন পোস্টটি থাকা উচিত, আর কোনটির উচিত নয়, তা নির্ধারণ করা খুবই কঠিন।