ফেসবুক গুগল ইয়াহুর লক্ষাধিক পাসওয়ার্ড চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহুসহ অনলাইনের জনপ্রিয় নানা ওয়েবসাইটে ব্যবহূত প্রায় ২০ লাখ ব্যবহারকারীর ‘ইউজার নেম’ ও পাসওয়ার্ড চুরি হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ কাজ একটি বড় সন্ত্রাসী কার্যক্রমের অংশ হতে পারে। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এ কাজটি করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে নিরাপত্তা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

বিষয়টি নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম কুলি বলেন, ‘বেদখল হওয়া তথ্য কতটা এখন কাজ করছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে শংকার বিষয় হচ্ছে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ ব্যবহারকারী একই পাসওয়ার্ড এবং ইউজার নেম বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহার করে থাকেন।’ প্রকাশিত তথ্য অনুযায়ী, এক কোটি ৫৮ লাখ ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ লগ-ইন তথ্য, তিন লাখ ২০ হাজার ই-মেইল অ্যাকাউন্টের তথ্য, ৪১ হাজার এফটিপি অ্যাকাউন্টের তথ্য, তিন হাজার রিমোট ডেস্কটপের তথ্য, তিন হাজার সিকিউর সেল অ্যাকাউন্টের তথ্য বেদখল হয়ে গেছে। এর বাইরে ফেসবুক, গুগল, ইয়াহু, টুইটার, লিংকড-ইনসহ বিভিন্ন সাইটের প্রায় তিন লাখ ১৮ হাজার ১২১টি ইউজার নেম ও পাসওয়ার্ড বেদখল হয়েছে।

বেদখল হওয়া তথ্যগুলো ঠিক কোন দেশের কিংবা কাদের, সে ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য জানা যায়নি। তাই এখনই সতর্ক থাকার স্বার্থে হলেও নিজেদের পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। আর সম্ভব হলে একই ইউজার নেম, পাসওয়ার্ড একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে। এ ধরনের বড় তথ্য বেদখল হওয়া থেকে সতর্ক থাকতে সহজ পাসওয়ার্ডের পরিবর্তে সংখ্যা, নম্বর, অক্ষর, চিহ্ন ব্যবহার করার পাশাপাশি যাঁরা সহজ পাসওয়ার্ড হিসেবে ১২৩৪৫৬ ব্যবহার করেন, তাঁদের দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছে। —বিবিসি অবলম্বনে কাজী আলম