ফেসবুক, গুগল ব্যবহারকারীদের নতুন আতঙ্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কোভার্ট রিডিরেক্ট’ আতঙ্ক বাড়ছে
‘কোভার্ট রিডিরেক্ট’ আতঙ্ক বাড়ছে

ফেসবুক, টুইটার, গুগল, মাইক্রোসফটের সেবা গ্রহীতারা নতুন এক ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছেন। সম্প্রতি প্রযুক্তি গবেষকেরা অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে নতুন নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করার দাবি করেছেন। 
সিঙ্গাপুরের গবেষকেরা দাবি করেছেন, অনলাইন সেবাদাতা হিসেবে অধিকাংশ সাইটগুলোতে দুটি বিশেষ সিকিউরিটি স্ট্যান্ডার্ড বা নিরাপত্তা মান ব্যবহার করা হয়। ওপেন সোর্স ভিত্তিক লগ ইন সিস্টেম ওঅউথ২.০ এবং ওপেন আইডিতে নিরাপত্তা ত্রুটি ব্যবহার করে যে কেউ অনলাইন অ্যাকাউন্টের তথ্য চুরি করে নিতে পারে। এই দুটি স্ট্যান্ডার্ড ইন্টারনেটে ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েবসাইটে লগইন করার জন্য ব্যবহূত হয়। 
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই নিরাপত্তা ঝুঁকির নাম ‘কোভার্ট রিডাইরেক্ট’। দুর্বৃত্তরা এই নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর অজান্তেই তথ্য চুরি করে নিতে পারে। 
ফেসবুক, মাইক্রোসফট, গুগলসহ অন্যান্য প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলো এই ত্রুটি সম্পর্কে সচেতন বলেই প্রযুক্তি বিষয়ক সিনেট এক খবরে জানিয়েছে।
গবেষকেদের পরামর্শ হচ্ছে, ফেসবুক কোনো স্প্যাম পোস্টে বা ইমেইলে আসা কোনো স্প্যামে ক্লিক করা থেকে বিরত থাকুন। এই ধরনের লিংকে ক্লিক করলে একটি ভুয়া সাইটে আপনি চলে যেতে পারেন এবং সেখান থেকে আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে। ফেসবুকের স্প্যাম লিংকে ক্লিক করলে একটি আলাদা পপ-আপ উইন্ডো খুলে আপনার তথ্য চাইতে পারে এবং ফেসবুকের পাসওয়ার্ড দিতে বলতে পারে। ‘কোভার্ট রিডাইরেক্ট’ মূলত অনলাইন ফিশিংয়ের কাজে ব্যবহার করতে পারে সাইবার দুর্বৃত্তরা। ফিশিং হচ্ছে ব্যবহারকারীকে প্রলুব্ধ করে ভাইরাসপূর্ণ সাইটে নিয়ে যাওয়ার একটি পদ্ধতি।

প্রসঙ্গত, ‘কোভার্ট রিডাইরেক্ট’ এর আগে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়েছিল ‘হার্টব্লিড’ নামের এক বাগ বা সফটওয়্যার ত্রুটি। হার্টব্লিডের প্রকোপে কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কী ক্ষতি হতে পারে তা এখনও বের করতে পারেননি কম্পিউটার নিরাপত্তা গবেষকেরা। গত দুই বছরেরও বেশি সময় ধরে এই বাগ শনাক্তহীন অবস্থায় ওয়েব সার্ভারে ছিল। কোনো হ্যাকার বা সাইবার দুর্বৃত্ত যে এই দীর্ঘ সময়ে এ বাগটি আবিষ্কার করে তার ফায়দা তোলেনি তা বিশ্বাস করা দুষ্কর।
এই বাগ থেকে সুরক্ষা পেতে ইন্টারনেটে যেসব ওয়েবসাইট রয়েছে তার কর্তৃপক্ষ উপযোগী প্যাচ বা সফটওয়্যার আপডেট না করা হলে ইন্টারনেট ব্যবহারকারীদের তেমন কিছু করার নেই। তবে পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন করে জটিল পাসওয়ার্ড দেওয়ার পরামর্শ দেন গবেষকেরা।
আরও পড়ুন: ইন্টারনেটের এক আতঙ্ক