ফেসবুক ছাড়ছেন প্রধান প্রযুক্তি কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এর প্রধান কারিগরি কর্মকর্তা ব্রেট টেইলর। এক খবরে বিবিসি জানিয়েছে, উদ্যোক্তা হিসেবে নিজেই নতুন একটি প্রতিষ্ঠান তৈরির জন্য ফেসবুক ছাড়ার ঘোষণা দিয়েছেন ফেসবুক সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকারবার্গের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্রেট।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, মে মাসে ফেসবুক আনুষ্ঠানিকভাবে শেয়ারবাজারে এসেছে। ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ছাড়ার পর মার্ক জাকারবার্গসহ ফেসবুকের অন্যান্য কর্মকর্তা বেশ বড় অঙ্কের অর্থ রাতারাতি নিজেদের পকেটে পুরেছেন। আর এদিকে আইপিও ছাড়ার পর মাস না পেরোতেই ব্রেট টেইলর তাঁর নিজস্ব প্রতিষ্ঠান তৈরির জন্য ফেসবুক ছাড়ার ঘোষণা দিলেন।এদিকে শেয়ারবাজারে আসার পর থেকে ফেসবুকের শেয়ারের দাম পড়ে গেছে। ৩৮ ডলারে প্রতিটি শেয়ার শুরু করলেও বর্তমানে ২১ শতাংশ দাম কমেছে ফেসবুক শেয়ারের।ফেসবুক ছাড়ার অনুভূতি প্রসঙ্গে ব্রেট টেইলর বলেন, ‘ফেসবুক ছাড়ার ঘোষণা দিতে বেশ কষ্ট হচ্ছে, তবে নিজের প্রতিষ্ঠান শুরু করতেই আমি প্রতিষ্ঠানটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এভাবে চলে যাওয়াটা কখনো সুখকর নয়। তবে আমি আশাবাদী, ফেসবুকের বর্তমান দলটি ও নেতৃত্ব প্রতিষ্ঠানটিকে আরও ওপরের দিকে নিয়ে যাবে।’টেইলর জানান, ফেসবুক ক্যামেরা ও অ্যাপলের পণ্যের সঙ্গে ফেসবুকের যুক্ত হওয়ার বিষয়টিকে তিনি ইতিবাচক মনে করছেন এবং এ বিষয়টি নিয়ে তিনি গর্বিত।টেইলরের চলে যাওয়ায় মার্ক জাকারবার্গের অনুভূতি ঠিক বোঝা যায়নি। তিনি পেশাদারি মনোভাব নিয়েই মন্তব্য করেছেন, ‘আমি তাঁর সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। ফেসবুকের সঙ্গে তিনি ও তাঁর দল যে কাজ করেছেন, তার জন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ।’