ফেসবুক থেকে সরিয়ে দেওয়া যাবে জাকারবার্গকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে অপসারণের ক্ষমতা পেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। যেকোনো সময় যেকোনো কারণে বা কারণ ছাড়াই তাঁকে চাকরিচ্যুত করতে পারবে ফেসবুক বোর্ড। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে ইনিশিয়াল পাবলিক অফারের (আইপিও) জন্য সংশোধিত চুক্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। এক খবরে পিটিআই জানিয়েছে, চুক্তি অনুসারে জাকারবার্গও ফেসবুকে তাঁর ইচ্ছামাফিক চাকরি করতে পারবেন। তবে চাকরি ছাড়ার পর ফেসবুকের প্রতিদ্বন্দ্বী কোনো ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন না তিনি।ফেসবুকের সঙ্গে জাকারবার্গের চুক্তিতে আরও বলা হয়েছে, ফেসবুক ছেড়ে গেলে এ প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তাকে অন্যত্র ভাগিয়ে নিতে পারবেন না তিনি। এ ছাড়া ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতা করতে বা ফেসবুকের কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানকে পরামর্শ বা সহযোগিতা করতে পারবেন না তিনি। ফেসবুকে চাকরির শর্ত অনুসারে জাকারবার্গের অপসারণ বা ‘ইচ্ছামাফিক’ শর্তটা পূরণ হবে ফেসবুক বোর্ডের অনুমোদনে।শুধু জাকারবার্গই নন, এ শর্ত ফেসবুকের আরও চার কর্মকর্তার জন্য প্রযোজ্য হবে। তাঁদের মধ্যে রয়েছেন ফেসবুকের চিফ অপারেটিং অফিসার (সিওও) শেরিল স্যান্ডবার্গ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ডেভিড ইব্যারসম্যান, ভাইস প্রেসিডেন্ট (ইঞ্জিনিয়ারিং) মাইক স্ক্রোপফার।ফেসবুক প্রেসিডেন্ট ও সিইও হিসেবে জাকারবার্গ বার্ষিক পাঁচ লাখ ডলার বেতন ও ৪৫ শতাংশ হারে বোনাস পাবেন।১ ফেব্রুয়ারি বুধবার আইপিও আবেদন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সেরে ফেলেছে প্রতিষ্ঠানটি। তবে এক হাজার কোটি ডলার মূল্যের আইপিও ছাড়ার কথা থাকলেও শুরুতে ৫০০ কোটি ডলার মূল্যের আইপিওর জন্য আবেদন করছে ফেসবুক কর্তৃপক্ষ। শেয়ারবাজারে আইপিও ছেড়ে সিলিকন ভ্যালির অন্যতম পাবলিক কোম্পানি হিসেবে নাম লিখিয়েছে ফেসবুক।মোট ২০৯ পাতার আবেদনটির ৪৫ নম্বর পাতায় জাকারবার্গ কত শেয়ার কিনতে পারবেন, সে তথ্য জানানো হয়েছে। জাকারবার্গ বি শ্রেণীর ১২ কোটি শেয়ার কিনতে পারবেন। তবে পাবলিক স্টকে যাওয়ার পরই তা প্রথম শ্রেণীর হয়ে যাবে। ৪৯ পাতায় ৩১ ডিসেম্বর ২০১১ সালের দাম অনুসারে ফেসবুকের বি শ্রেণীর শেয়ারমূল্য হচ্ছে দশমিক ৮৩ ডলার।