ফেসবুক দেশ হলে চীনের চেয়েও বড় হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসপার ক্লিঞ্জ

ছবিতে যাঁকে দেখছেন, তাঁর নাম ক্যাসপার ক্লিঞ্জ। ২০১৭ সালে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বিশ্বের প্রথম রাষ্ট্রদূত হিসেবে তাঁকে নিয়োগ করেছিল ডেনমার্ক। তাঁর কাজ ছিল অ্যাপল, গুগল, ফেসবুকের মতো সিলিকন ভ্যালির বড় প্রতিষ্ঠানগুলোর কাছে ডেনমার্কের স্বার্থ অক্ষুণ্ন রাখা। ভাবখানা এমন যেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে দেশের মর্যাদা দেওয়া হচ্ছে।

একটু ভেবে দেখলে বুঝবেন, নানা কারণেই ডেনমার্কের সে উদ্যোগ যথেষ্ট যুক্তিপূর্ণ ছিল। কারণ, ফেসবুক, মাইক্রোসফট কিংবা অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর পরিধি এত ব্যাপক যে সেখানে একজন মুখপাত্র থাকলে ডেনমার্কের সরকার নিজেদের চাহিদার কথা সরাসরি জানানোর সুযোগ পাবে। আর সুসম্পর্ক বজায় রাখার ব্যাপার তো আছেই।

ক্যাসপার এখন আর ডেনমার্কের রাষ্ট্রদূত নন। বর্তমানে তিনি মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। তবে তাঁর পদাঙ্ক অনুসরণ করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যদি দেশের সঙ্গে তুলনা করতে চাই, তবে সেগুলো কত বড় হতো?

মার্ক জাকারবার্গের ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা এখন চীনের মোট জনসংখ্যার চেয়েও বেশি
কোলাজ

আয়তনের তুলনা করা সম্ভব নয়। কেন নয়, পাঠক নিশ্চয় তা বুঝতে পারছেন। আমরা বড়জোর জনসংখ্যার তুলনা করতে পারি। আর মানুষ কিংবা ব্যবহারকারী নিয়ে সবচেয়ে বেশি কারবার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর। আমরা সে জন্য আমাদের তুলনা সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সীমিত রাখতে চাই।

ফেসবুকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৮৫ কোটি। অর্থাৎ ২৮৫ কোটি ব্যবহারকারী মাসে অন্তত একবার হলেও ফেসবুকে লগইন করেন। সংখ্যাটি বিবেচনায় নিলে বলা যেতে পারে, জনসংখ্যার দিক থেকে বিশ্বের যেকোনো দেশের চেয়ে ফেসবুক এখন বড়।

বিশ্বব্যাংকের ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের মোট জনসংখ্যা ১৩৯ কোটির কিছু বেশি। চীনের বর্তমান জন্মহার আমলে নিলে ২০২১ সালে সংখ্যাটা খুব একটা বাড়ার কথা নয়। তবে মজার ব্যাপার হলো, চীনের সঙ্গে দ্বিতীয় জনবহুল দেশ ভারতের জনসংখ্যা যোগ করলেও সেটা ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর চেয়ে কম হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের প্রধান কার্যালয়ের সামনে
রয়টার্স

অবশ্য মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা যদি এ ক্ষেত্রে তুলনার প্রতিনিধিত্বকারী একক মনে না হয়, তবে আমরা দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাব আমলে নিতে পারি। গত মার্চে প্রতিদিন গড়ে ১৮৮ কোটি ব্যবহারকারী ফেসবুকে লগইন করেছেন। বুঝতেই পারছেন, সংখ্যাটা চীনের মোট জনসংখ্যার চেয়ে বেশি।

অর্থাৎ ফেসবুকের দেওয়া সর্বশেষ তথ্যে যদি ভুল না থাকে, তবে আমরা বলতে পারি ফেসবুক এখন বিশ্বের যেকোনো দেশের চেয়ে বড়।