ফেসবুক নিয়ে পক্ষে বিপক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক নিয়ে পক্ষে বিপক্ষে
ফেসবুক নিয়ে পক্ষে বিপক্ষে

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সম্পর্কেব্যবহারকারীদের ভিন্ন মত আছে। কেউ মনে করেন, এটি যোগাযোগের সবচেয়ে কার্যকর মাধ্যম; কারও মতে, এর কারণে সময় নষ্ট হয়। এই বিতর্কে অংশ নিয়েছেন অধুনার পাঠকেরা। যদিও ফেসবুকের পক্ষেই মত বেশি। তবে বিপক্ষেও মত আছে।

পক্ষে বলছি
মো. শাকিল আহমেদ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট
ফেসবুক ভালো না খারাপ, এটি পুরোপুরি নির্ভর করে ব্যবহারকারীর ওপর। আমি যদি সময়-অসময় ফেসবুক নিয়ে বসে থাকি, তাহলে সেটা নিতান্তই সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। অন্যদিকে, মাঝেমধ্যে বন্ধুদের সঙ্গে নিজের কথা ও বিশেষ কোনো মুহূর্তগুলো শেয়ার করা খারাপ কিছু নয়, বরং এতে মানসিকভাবে সুস্থ থাকা যায়।

সুলতান মাহমুদ

পলিটিক্যাল স্টাডিজ বিভাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

আমি মনে করি, ফেসবুকের খারাপ দিকের চেয়ে ভালো দিক বেশি। এর মাধ্যমে আমরা স্কুল ও কলেজের বন্ধুদের খুঁজে পাচ্ছি। পুরোনো একজন বন্ধুকে পাওয়ার আনন্দই আলাদা। তা ছাড়া দেশের বাইরে থাকা বন্ধু ও আত্মীয়দের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখা বেশ ব্যয়বহুল। কিন্তু ফেসবুকের মাধ্যমে কম খরচে প্রতিদিন যোগাযোগ রাখা যায়। খুব সহজে বিভিন্ন সংবাদ পাওয়া যায়। অবসর সময়ে বিনোদনের একটি ভালো মাধ্যম ফেসবুক।

কবির খন্দকার

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়

আমি ফেসবুকের পক্ষে। কেননা, এর মাধ্যমে দুনিয়াজুড়ে যে বন্ধুত্বের সেতুবন্ধ সৃষ্টি হয়েছে, তা এককথায় অসাধারণ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যাঁরা প্রবাসে থাকেন, তাঁদের সঙ্গে কম খরচে সহজে যোগাযোগ করা যায়। তা ছাড়া পুরোনো অনেক বন্ধুকে এর মাধ্যমে খুঁজে পাওয়া যায়। ফেসবুকে অনেকে আপত্তিকর ছবি দেয় ও আজেবাজে মন্তব্য করে, যা ঠিক নয়। প্রযুক্তির অপব্যবহার করা আমাদের উচিত নয়।

সনেট দেব

সম্মান শেষ বর্ষ, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম

ফেসবুক হচ্ছে বর্তমান সময়ের সামাজিক যোগাযোগের সবচেয়ে অন্যতম মাধ্যম। দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা উড়িয়ে দেওয়ার মতো নয়। শুধু এই মাধ্যমটাকে সৎ ও সঠিক পথে ব্যবহার করলে বিতর্ক আসে না। বিজ্ঞানের একটি অসাধারণ অবদান এই ফেসবুক।

এস এম হাবিবউল্লাহ সরকার

প্রকল্প প্রকৌশলী (পুরকৌশল)

স্কাইটেক বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস লিমিটেড

যত দূরেই থাকি না কেন, ফেসবুকের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রাখা যায়। স্কুলের অনেক বন্ধু ছিল, যাদের সঙ্গে যোগাযোগই ছিল না, এর মাধ্যমে তাদের খুঁজে পেয়েছি। আর নিরাপত্তার দিক থেকে চিন্তা করলে, খুব ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে হিডেন গ্রুপ পেজেও বেশ আড্ডা দেওয়া যায়। আজকাল বিভিন্ন সংবাদমাধ্যম ফেসবুকে সক্রিয়। যার মাধ্যমে দেশ-বিদেশের অনেক খবর খুব অল্প সময়ে আমরা জানতে পারি। তা ছাড়া আরও আনন্দ দেওয়ার জন্য ফেসবুকে বিভিন্ন অ্যাপস, গেমস ও ফ্যান পেজগুলো তো আছেই।

যূথী হালদার

শিক্ষার্থী, বিবিএ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কিছু কথা বা ঘটনা আছে সবাইকে আলাদা করে বলা সম্ভব নয়। কিন্তু ফেসবুকের একটা স্ট্যাটাস দিয়ে সবাইকে জানাতে পারছি। তা ছাড়া ছুটির দিনে বাসায় বসেই ক্লাবের মিটিংগুলো করছি গ্রুপ চ্যাটে। আর পড়াশোনার তথ্যগুলো পাচ্ছি গ্রুপ পেজে। বিনোদন তো হচ্ছেই। পাশাপাশি জরুরি কাজগুলোও হয়ে যাচ্ছে।

ফাতেমা আক্তার

শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুকের ব্যবহার বেড়েই চলছে। আমার কাছে ফেসবুক সকালের পত্রিকার মতো। এটা যোগাযোগের খুব ভালো একটা মাধ্যম। বিশেষ করে, দেশের বাইরে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। এর মাধ্যমে যেকোনো খবর দ্রুত জানা যায়, এমনকি সবার সঙ্গে শেয়ারও করা যায়। নিজের দেশের ভালো অনেক কিছু বিদেশি বন্ধুবান্ধবের কাছে তুলে ধরা যায়।

অমিত বণিক

কর্মসূচি কর্মকর্তা, পিএসটিসি, কিশোরগঞ্জ।

ফেসবুককে আমি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে মনে করি। মনের একান্ত না-বলা কথাগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায় এর মাধ্যমে। বিশেষ করে এর মাধ্যমে আশপাশে কী ঘটছে, তা সবার আগে জানতে পারছি। এ ছাড়া সামাজিক আন্দোলনের একটি হাতিয়ার হিসেবে ফেসবুককে সবচেয়ে বেশি কাজে লাগানো যায়।

বিপক্ষে বলছি

তাসফিয়া ফারজানা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, সিলেট

ফেসবুকে ছেলেরা মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করে। আপত্তিকর ছবি, ভিডিও ট্যাগ করে। ছবিতে আপত্তিকর মন্তব্য করে, ভুয়া অ্যাকাউন্ট খোলে—এসব কারণে আমি ফেসবুকের পক্ষে নই।

জহির উদ্দীন লস্কর

লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আমি ফেসবুকের পক্ষে নই। কেননা, এর কারণে জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়। আমি মনে করি না এটাই যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম। এখানে আসল বন্ধু-নকল বন্ধু চেনা কঠিন। এর কারণে আমরা আসল বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। ফেসবুকে অযথা সময় নষ্ট করার পক্ষে আমি নই।