সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে থাকা বিভিন্ন পেজে এবার যুক্ত হতে যাচ্ছে রেটিং পদ্ধতি। এর ফলে শুধু লাইক দিয়েই নয়, পেজের নামের পাশে থাকা পাঁচ তারকা নির্বাচন করেও রেটিং করতে পারবেন ব্যবহারকারীরা।
বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয়তা মাপতেই ফেসবুকের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ফেসবুক জানায়, তারা মূলত এমন একটি ব্যবস্থা করতে চাচ্ছে, যেখানে ব্যবহারকারীরাই সেরা নির্বাচন করবেন। এতে ব্যবসায়িকভাবে যেমন ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তিরা লাভবান হবেন, তেমনি ব্যবহারকারীরাও উপকৃত হবেন। স্টার রেটিং ব্র্যান্ডকে যেমন আরও ভালো করতে উৎসাহিত করবে, তেমনি ব্যবহারকারীরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পছন্দ খুঁজে নিতে পারবেন।
ফেসবুকের এ সুবিধাটি গত বছরের শুরুর দিক থেকেই চালু ছিল। তবে সে রেটিং পদ্ধতি এত দিন ছিল ব্যবহারকারীদের নজরের বাইরে। এবার তাই সবার জন্যই চালু হচ্ছে এ রেটিং ব্যবস্থা। পাঁচ তারকার মধ্যে ফেসবুক ব্যবহারকারীদের ভোটেই নির্বাচিত হবে সেরা ও জনিপ্রয় ব্র্যান্ড। এ পদ্ধতিকে অনেকটা ডিজলাইট পদ্ধতিও বলা যেতে পারে বলে মনে করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ফেসবুক যেহেতু ডিজলাইক নামে কোনো অপশন চালু করেনি, তাই ব্যবহারকারীরা এ স্টার রেটিংয়ের মাধ্যমে নিজেদের অপছন্দের কথাও জানাতে পারবেন। এর আগে ফেসবুক নিজের পছন্দ প্রকাশের ক্ষেত্রে লাইক বাটনে থাম্বস আপ ব্যবহার করতেন। এখন সেটি পরিবর্তন করা হয়েছে যেখানে এখন ব্যবহূত হবে ছোট হাতের এফ অক্ষর। বিশ্বের বিভিন্ন দেশে এ পদ্ধতি ইতিমধ্যে চালু হয়ে গেছে।
—দ্য টেলিগ্রাফ ও ম্যাশএবল অবলম্বনে কাজী আলম