ফেসবুক ফিরিয়ে আনছে এফ ৮

তিন বছর পর আবারও ডেভেলপারদের সম্মেলন এফ৮ ফিরিয়ে আনছে ফেসবুক। প্রযুক্তি বিশ্বের বৃহত্তম সম্মেলনগুলোর মধ্যে ফেসবুকের এফ৮ অন্যতম। গত শনিবার ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ২০১১ সালের পর আবারও এফ৮ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে তারা।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিসকো ডিজাইন কনকোর্সে এ বছরের ৩০ এপ্রিল এই ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে এক হাজার ৫০০ ডেভেলপার অংশ নেবেন।
ফেসবুকের ডেভেলপার্স সার্ভিসের কর্মকর্তা ইলিয়া সুখার জানিয়েছেন, এ বছর আমরা আবার শেকড়ে ফিরে যাচ্ছি এবং এবারের সম্মেলন হবে আরও ডেভেলপারকেন্দ্রিক।
গত তিন বছর ডেভেলপারদের নিয়ে বড় ধরনের সম্মেলনের আয়োজন থেকে দূরে ছিল ফেসবুক। এ সময় ছোট খাট কিছু ডেভেলপার সম্মেলন করেছিল প্রতিষ্ঠানটি। এর আগে ২০১১ সালে আয়োজিত এফ৮ সম্মেলনে টাইমলাইন ফিচার উন্মুক্ত করেছিল ফেসবুক। তবে এবারে কোনো ফিচার উন্মুক্ত করার চেয়ে পরিকল্পনা প্রযুক্তিগত বিভিন্ন দিকে জোর দিতে পারে ফেসবুক কর্তৃপক্ষ।