ফেসবুক ফোনের প্রতি আগ্রহ নেই অনেকেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৯৫ কোটি ছাড়িয়েছে। জনপ্রিয়তার শীর্ষে টিকে থাকতে ফেসবুক নিয়মিতভাবে নানা ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে। এর মধ্যে মোবাইলভিত্তিক বিভিন্ন সেবা প্রতিষ্ঠান অন্যতম। মুঠোফোনকে ব্যবহার করেই এগিয়ে যেতে চাইছে ফেসবুক। আর তাই ফেসবুক নিজেদের মুঠোফোন তৈরির ঘোষণা দিয়েছে অনেক আগেই। তবে ফেসবুকের এ ফোনের প্রতি অনেকেরই আগ্রহ নেই! সম্প্রতি যুক্তরাজ্যের ডিজিটাল বিপণন নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠান পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। সারা বিশ্বের ৫০০ ব্যবহারকারীর ওপর পরিচালিত এ জরিপে অংশ নেওয়া অর্ধেক ব্যবহারকারীই ফেসবুক ফোন ব্যবহার না করার পক্ষে মত দিয়েছেন।তবে ইতিমধ্যে ফেসবুক নিজেদের ফোন তৈরির ক্ষেত্রে বেশ এগিয়ে গেছে বলে জানা গেছে। এরই অংশ হিসেবে অ্যাপলের সাবেক বেশ কয়েকজন কর্মীকে নিয়োগও দেওয়া হয়েছে। নিজেদের ফোনের ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও ফেসবুকের দারুণ সব বৈশিষ্ট্য ফোনটিতে থাকবে বলে জানা গেছে। ইতিমধ্যে ফেসবুক মুঠোফোনের মাধ্যমেও বিজ্ঞাপনের ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে। তাই নিজেদের তৈরি ফোন এ ক্ষেত্রে বড় ব্যবসায়িক হাতিয়ার হবে বলে ধারণা ফেসবুক কর্তৃপক্ষের। তবে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।ফেসবুকের নামে একটি বোতাম দিয়ে ইতিমধ্যে বাজারে ফোন নিয়ে এসেছে এইচটিসি। গত কয়েক বছরে মুঠোফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী বাড়ার হার দারুণ। ফেসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চালু হওয়া গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যাও দ্রুত বাড়ছে। এক বছর পার করেই গুগল প্লাস ব্যবহারকারীর সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। বাজারে শীর্ষে থাকতে তাই নানা ধরনের পরিকল্পনা নিচ্ছে ফেসবুক।—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম