সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের কার্যক্রম গত বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফেসবুকের সাড়ে ১৩ কোটি গ্রাহক এ সময় সাইটটিতে প্রবেশ করতে পারেননি। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এ সমস্যা শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ফেসবুক বন্ধ থাকে। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, গত চার বছরের মধ্যে এবারই প্রথম এত দীর্ঘ সময় ধরে ফেসবুক বন্ধ থাকল। সফটওয়্যারের ত্রুটির কারণে ফেসবুকে এ সমস্যা দেখা দেয়। এদিকে কোটি কোটি ফেসবুক গ্রাহক নিজস্ব ব্লগে ও টুইটারসহ অন্যান্য সাইটে তাঁদের প্রিয় ওয়েবসাইটের বন্ধ হওয়া এবং এতে করে তাঁরা কী কী সমস্যার মুখে পড়েছেন, তা বিস্তারিত লিখেছেন। অনেকে জানিয়েছেন, এ সময়টায় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় অনেকে তাঁকে ভুল বুঝেছেন। ফেসবুকের জ্যেষ্ঠ প্রকৌশলীদের একজন রবার্ট জনসন গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তাঁর নিজের ব্লগে এক বিবৃতিতে বলেছেন, সফটওয়্যারের ত্রুটিটি মারাত্মক ছিল। আর এমন সময়ে এই ত্রুটি ধরা পড়ে যে তখন দ্রুত কিছু করার ছিল না। সে জন্য ফেসবকু গ্রাহকেরা আড়াই ঘণ্টা সাইটটিতে ঢুকতে পারেননি। তিনি জানান, পরে অবশ্য ত্রুটিটি শনাক্ত করা হয়েছে এবং স্থায়ীভাবে তা ঠিক করা হয়েছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান