ফেসবুক-বন্ধুদের উদ্যোগে পথশিশুরা পেল জামা-কাপড়
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের মাধ্যমে ময়মনসিংহ জিলা স্কুলের ৯৫তম ব্যাচের (এমজেডএস-৯৫) একটি গ্রুপ পথশিশুদের পোশাক বিতরণ করেছে। এবারের ঈদ-আনন্দ পথশিশু-এতিম-প্রতিবন্ধীদের মধ্যে ছড়িয়ে দিতে নতুন জামা-কাপড় বিতরণ করেছে তারা। শহরের বিভিন্ন এলাকার এসব শিশুর পাশাপাশি তারা এলাকার বয়স্ক ও হতদরিদ্র কিছু মানুষের মধ্যে নতুন শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবিও বিতরণ করেছে। ময়মনসিংহ জিলা স্কুলের ১৯৯৫ সালের এসএসসির ব্যাচের শিক্ষার্থী এ গ্রুপটির সার্বিক তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী তাতুল বলেন, ফেসবুকে এমজেডএস-৯৫ গ্রুপের মাধ্যমে এ ব্যাচের আমাদের সব বন্ধুর কাছে বলা হয়, আমাদের আনন্দের কিছুটা অংশ কিছু ছিন্নমূল পথশিশুদের সঙ্গে শেয়ার করার জন্য সাহায্য প্রয়োজন। আর তাতেই গঠিত হয়ে যায় বিশেষ তহবিল। পুরো তহবিলের টাকা দেয় গ্রুপের বন্ধুরা।’ তিনি বলেন, ‘বন্ধুদের কাছে ফেসবুকে আবেদন করার পর এত সাড়া পেয়েছি যে মনে হয়েছে, আমরা ইচ্ছা করলেই সুবিধাবঞ্চিত এসব শিশুর জন্য অনেক কাজ করতে পারি, প্রয়োজন শুধু উদ্যোগের। —ময়মনসিংহ অফিস