ফেসবুক বন্ধে পুলিশকে ফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাময়িকভাবে ফেসবুক বন্ধ হওয়ায় অনেকেই পুলিশের কাছে ফোন করে প্রতিকার চেয়েছেন
সাময়িকভাবে ফেসবুক বন্ধ হওয়ায় অনেকেই পুলিশের কাছে ফোন করে প্রতিকার চেয়েছেন

কোনো কিছু হারিয়ে গেলে, চুরি-ছিনতাই হলে বা বিপদে পড়লে পুলিশের সাহায্য চান অনেকেই। কিন্তু আপনি যদি ফেসবুক চালাতে না পারেন তখন কী করবেন? গতকাল হঠাত্ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ফেসবুক অচল হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে অনেকেই এসময় ফোন করে পুলিশকে এ ঘটনা জানান এবং এর সমাধান চান।
এলএ কাউন্টি শেরিফ সার্জেন্ট বার্টন ব্রিংক দাবি করেছেন, ফেসবুক বন্ধে অসন্তুষ্ট হওয়া বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে ফোন কল পান তাঁরা। অনেকেই ফেসবুকে লগ-ইন করার সময় এরর বার্তা দেখানোর বিষয়টি কীভাবে সমাধান করা যাবে তা জানতে চান এবং পুলিশকেই তার সমাধান দিতে বলেন।
এত এত ফোন আসায় ব্রিংকও ধৈর্য হারিয়ে বসেন। তিনি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে লেখেন. ‘ফেসবুক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নয়। ফেসবুক বন্ধ হওয়ার কারণ জানতে দয়া করে আমাদের ফোন করবেন না আর ফেসবুক কখন আবার চালু হবে সে বিষয়েও আমরা কিছুই জানি না।’
ফেসবুক হঠাৎ করে অচল হওয়ার কারণ ও তা কখন আবার চালু হবে সে বিষয়টি জানতে মানুষ যাতে বার বার পুলিশকে ফোন না দেন সেজন্যই এই টুইট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রিংক দাবি করেন, ‘ফেসবুক বন্ধ হোক বা অন্য যেকোনো সমস্যাই হোক আমরা মানুষের কাছ থেকে কল পাই। ফেসবুক সংক্রান্ত বিষয়ে ফোন কল পাওয়ার কারণ হচ্ছে, ফেসবুক এখন একটি বিশাল বিষয় হয়ে গেছে।’

গতকাল ৩৫ মিনিট অচল থাকার কারণ হিসেবে এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, বিভিন্ন দেশের ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য ফেসবুকে ঢুকতে ব্যর্থ হন। খুব দ্রুত সমস্যাটি খুঁজে বের করে পুনরায় সেবা পৌঁছে দিতে সমর্থ হয়েছে কর্তৃপক্ষ। ব্যবহারকরীদের কাছে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
প্রসঙ্গত, এর আগে গত জুন মাসে ও গত বছরের অক্টোবর মাসেও হঠাৎ অচল হয়ে পড়েছিল ফেসবুক।