আপনি কোনো প্রয়োজনে কাউকে ফেসবুকে বার্তা বা মেসেজ পাঠিয়েছেন। কিন্তু তিনি উত্তর বা রিপ্লাই দিচ্ছেন না। আবার আপনাকে কেউ ফেসবুকে বার্তা পাঠিয়ে রিপ্লাই পাচ্ছে না। এতে অনেকের মন খারাপ হয়ে যায়। চিন্তাও আসে মাথায়। এর কারণ হয়তো তিনি আপনার মেসেজটি দেখতে পাননি। অপরিচিত অনেকের বার্তা ফেসবুকে ফিল্টার অপশনে চলে যায়। আপনার ফেসবুক মেসেজের ফিল্টারে কী কী মেসেজ আছে, সেগুলো দেখার জন্য ফেসবুকে লগ-ইন করে বাঁ পাশ থেকে Messages-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com/message ঠিকানায় যান। এখন More-এর ডান পাশের অ্যারোতে ক্লিক করে Filtered-এ ক্লিক করুন। ফিল্টারে আটকে থাকা সব মেসেজ দেখতে পাবেন।
ফেসবুকে কেউ আপনাকে অনেক দিন আগে একটি মেসেজ দিয়েছিল। সেই মেজেসটি এখন আপনার দরকার। যে আপনাকে মেসেজটি দিয়েছিল তার নাম মেসেজ সার্চ বক্সে লিখে সার্চ দিলে সেই মেসেজটি পেয়ে যাবেন। ফেসবুকে লগইন করে বাঁ পাশ থেকে Messages-এ ক্লিক করে বা সরাসরি www.facebook.com/messages ঠিকানায় গেলেই মেসেজের ঠিক ওপরে ফেসবুক মেসেজ সার্চ বক্স দেখতে পাবেন। আবার কেউ হয়তো অনেক দিন আগে আপনাকে ফেসবুকে জব রিলেটেড একটি মেসেজ দিয়েছিল। এই মেসেজটি এখন আপনার দরকার। কিন্তু মেসেজটি কে দিয়েছিল তার নাম আপনি ভুলে গেছেন। এখন মেসেজটি কীভাবে খুঁজবেন? মেসেজটি খোঁজার জন্য মনে করে দেখুন মেসেজে কী লেখা ছিল। কোনো একটা শব্দ মনে থাকলেই হবে। আর সে শব্দটি লিখে মেসেজ সার্চ বক্সে সার্চ করুন। ওই মেসেজটি পেয়ে যাবেন। ফেসবুকে কেউ আপনাকে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করলে তাকে ফেসবুক মেসেজ থেকে ব্লক করে দিতে পারেন। তাহলে সে আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকবে ঠিকই, কিন্তু আপনাকে আর মেসেজ দিয়ে বিরক্ত করতে পারবে না। কাউকে ফেসবুকের মেসেজ থেকে ব্লক করতে চাইলে ফেসবুকে লগইন করে বাঁ পাশ থেকে Messages-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com/messages ঠিকানায় যান। এখন যাকে ব্লক করতে চান বাঁ পাশ থেকে তার নামে ক্লিক করে তার মেসেজগুলো ওপেন করে ওপরে অ্যাকশন আইকনে ক্লিক করলে অনেক অপশন দেখতে পাবেন। সেখান থেকে Block Messages-এ ক্লিক করুন। তাহলে সে আর আপনাকে ফেসবুকে মেসেজ দিতে পারবে না।
মো. আমিনুর রহমান