ফেসবুক বিজ্ঞাপনে খরচ বেড়েছে

অধিকসংখ্যক মানুষের কাছে পণ্যের কথা জানাতে অনেকেই এখন ফেসবুকে বিজ্ঞাপন দেন। কিন্তু এ বছর থেকে বিজ্ঞাপনের মূল্য অনেক বাড়িয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বিজ্ঞাপনের মূল্য বাড়ালেও বিজ্ঞাপনের সংখ্যা কমিয়েছে সামাজিক যোগাযোগের এই সাইটটি। আইএএনএসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) ডেভ ওহেনার বলেন, ‘এ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ এপ্রিল থেকে জুন—এই তিনমাসে গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় প্রতিটি বিজ্ঞাপনের খরচ ১২৩ শতাংশ পর্যন্ত বেশি দেখা গেছে।’
ফেসবুক এখন ২৫ শতাংশ পর্যন্ত কম বিজ্ঞাপন প্রদর্শন করছে। কিন্তু বিজ্ঞাপন থেকে ফেসবুকের আয় ৬৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।
ডেভ ওহেনার বলেন, বিজ্ঞাপন নির্দিষ্টসংখ্যক মানুষের কাছে পৌঁছাতে এবং এই বিষয়টি আরও উন্নত করতে আমরা কাজ করে যাচ্ছি। বিজ্ঞাপনের দাম বাড়িয়ে মান ভালো করারই লক্ষ্য আমাদের।’
গত এপ্রিল মাসে ফেসবুকে নকশায় যে পরিবর্তন এসেছে, তাতে বিজ্ঞাপনের জন্য কম জায়গা বরাদ্দ হয়েছে। তাই মানুষ এখন ফেসবুকে কম বিজ্ঞাপন দেখবে। কিন্তু বিজ্ঞাপন দেখাতে হলে বেশি খরচ করতে হবে।