ফেসবুক ব্যবহারকারীর অনেকেই ১৩ বছরের নিচে
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে নিবন্ধনের সময় ব্যবহারকারীদের বয়স উল্লেখ করতে হয়। ১৩ বছরের কম বয়সী কেউ ফেসবুকে নিবন্ধন করতে পারে না। এ জন্য এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে যুক্ত হতে কম বয়সী অনেকেই তাদের মূল বয়স গোপন করে থাকে। গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে নয় থেকে ১২ বছর বয়সের ব্যবহারকারীদের অর্ধেকই মিথ্যা বয়স উল্লেখ করে নিবন্ধন করে। ইউরোপীয় কমিশনের পক্ষে লন্ডন স্কুল অব ইকোনমিকস ইউরোপের নয় থেকে ১৬ বছর বয়সী প্রায় ২৫ হাজার শিশু-কিশোরের ওপর একটি জরিপ পরিচালনা করে। যেখানে দেখা যায় যুক্তরাজ্যে ৯-১২ বছর বয়সীদের ৪৩ শতাংশ এবং ১৩-১৬ বছর বয়সীদের প্রায় ৮৮ শতাংশ সামাজিক যোগাযোগ সাইটের সঙ্গে যুক্ত আছে। নেদারল্যান্ডে এই হার সব থেকে বেশি, প্রায় ৭৭ শতাংশ। এই জরিপে আরও দেখা যায়, অভিভাবকদের পক্ষ থেকে যদি কোনো ধরনের বিধিনিষেধ থাকে, তবে প্রায় সব ক্ষেত্রেই সন্তানেরা সেটি মেনে চলে। যেমন ফ্রান্সের ৪৫ শতাংশ অভিভাবক বলেছেন, তাঁরা সন্তানদের জন্য সব ধরনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারে নিষেধ করেছেন।গবেষণার ফলাফলে দেখা যায়, ফ্রান্সে কম বয়সীদের মধ্যে মাত্র ২৫ শতাংশ সামাজিক যোগাযোগের সাইটের সঙ্গে যুক্ত। চাইল্ড প্রটেকশন চ্যারিটি কিডস্কেপের কর্মকর্তা পিটার বার্ডলে বলেন, সব কিছু সবার উপযোগী নয়। এটি সব সময়ের জন্যই সত্য যে শিশু ও প্রাপ্তবয়স্কদের বিচরণক্ষেত্র এক হবে না, তাই বাধ্য হয়ে অনেক ক্ষেত্রেই বলা হতে পারে এটি শিশুদের উপযোগী নয়। —বিবিসি নিউজ অবলম্বনে নাসির খান