ফেসবুক মুভি সম্পাদনার সুযোগ!

১০ বছর পূর্তি উপলক্ষে লুকব্যাক নামের একটি ফিচার উন্মুক্ত করেছিল ফেসবুক, যাতে এর ব্যবহার নিয়ে একটি সুন্দর ভিডিও মুভি তৈরির সুযোগ পেয়েছিলেন ব্যবহারকারীরা। এক মিনিটের এই ভিডিওচিত্রটি সম্পাদনার সুযোগ দিচ্ছে ফেসবুক।
ফেসবুকের ব্যবহারের শুরু থেকে টপ মোমেন্টস, ফটো, স্ট্যাটাস নিয়ে তৈরি এ ভিডিও মুভির ফিচারটি দারুণ জনপ্রিয় হয়েছে। অসংখ্য ফেসবুক ব্যবহারকারী এই ফিচারটির সাহায্যে নিজের ফেসবুক মুভি তৈরি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন। ফেসবুকে ব্যবহারকারীর সবকিছু একনজরে দেখতে ব্যবহারকারীদের জন্য লুকব্যাক নামের ফিচারটি কোন ব্যবহারকারী লগ-ইন অবস্থায় www.facebook.com/lookback ঠিকানায় গেলেই দেখতে পারছেন। ফেসবুকের এই ভিডিও ফিচারটি এর মধ্যেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আলোচনায় উঠেছে। অনেকেই নিজেদের ভিডিওচিত্র দেখে উল্লসিত। অবশ্য ছবি ও ঘটনা ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে বেছে নেওয়ায় গুরুত্বপূর্ণ ছবি বাদ পড়েছে বলে অনেকেই হতাশও হচ্ছিলেন। শেষ পর্যন্ত এই ভিডিওচিত্রটি সম্পাদনার সুযোগ দিয়েছে ফেসবুক।
ব্যবহারকারী লগ-ইন অবস্থায় www.facebook.com/lookback ঠিকানায় গিয়ে ‘এডিট’ বাটন থেকে তাঁর পছন্দের ছবি নির্বাচন করে দিয়ে মনমতো ভিডিওটিকে সম্পাদনা করতে পারবেন।
যে ছবিগুলো আপনার পছন্দের, সেগুলো নির্বাচন করে দেওয়ার পর আপডেট দিয়ে আপনার ভিডিওটি আরও সুন্দর করতে পারবেন এবং টাইমলাইনে শেয়ার করতে পারবেন।