ফেসবুক মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে সমস্যা পান বিশ্বব্যাপী ব্যবহারকারীরা
রয়টার্স

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে আজ বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ফেসবুকের বার্তা পাঠানোর সেবা মেসেঞ্জার ব্যবহারে সমস্যা দেখা দেয়। কোথাও কোথাও বার্তা পাঠানোর পর ইন্টারনেট সংযোগ নেই কিংবা সংযোগের অপেক্ষা করা হচ্ছে—এমন লেখা দেখিয়েছে।

প্রায় কাছাকাছি সময়ে ফেসবুকের মালিকানাধীন আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের বার্তা পাঠানোর সুবিধা ‘ডিরেক্ট মেসেজ’–এর ক্ষেত্রেও একই ধরনের সমস্যা হয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

গত ২৪ ঘণ্টায় মেসেঞ্জার ব্যবহারে সমস্যা
ডাউন ডিটেক্টর

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ছয়টার দিকেও সমস্যাটি ছিল। কম্পিউটারের ব্রাউজারে ফেসবুকের ওয়েবসাইট থেকে কাউকে বার্তা পাঠানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। আর মেসেঞ্জার অ্যাপ থেকে বার্তা পাঠালে সেটি প্রাপকের কাছে পৌঁছালেও প্রাপক তা পেলেন কি না, তা জানতে পারছেন না বার্তা প্রেরক। আবার কে কে অনলাইনে আছেন, তা-ও দেখা যায়নি।

গত ২৪ ঘণ্টায় ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা
ডাউন ডিটেক্টর

বিশ্বব্যাপী ব্যবহারকারীরা জনপ্রিয় কোনো ডিজিটাল সেবা বন্ধ থাকলে তা ডাউন ডিটেক্টর নামের ওয়েবসাইটে জানিয়ে থাকেন। ওয়েবসাইটটিতে দেখা যায়, আজ বেলা সাড়ে তিনটা থেকে মেসেঞ্জার ব্যবহারে সমস্যার কথা জানাতে শুরু করেন তারা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।

বলা চলে, ফেসবুকে বেশ কঠিন সময় পার করছে। কারণ, ঘণ্টা কয়েক আগেই ফেসবুকের আধিপত্য ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়। সে মামলায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান থেকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ আলাদা করার কথাও আছে।

ফেসবুকের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র প্রথম আলোকে বলেন, ‘অনেকে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম কিংবা ওয়ার্কপ্লেস চ্যাটে বার্তা আদান-প্রদানে সমস্যার মুখে পড়েছেন। আমরা সে জন্য দুঃখিত। সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে।’