ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের নোটিফিকেশন এক জায়গায়
ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম—এই তিন সামাজিক যোগাযোগমাধ্যমের নোটিফিকেশন একসঙ্গে একটি নির্দিষ্ট জায়গায় দেখা যাবে। ফেসবুক কর্তৃপক্ষ তাদের মালিকানাধীন মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলো ফেসবুকের সঙ্গে এক করার জন্য কাজ করে যাচ্ছে। যেন একটি অ্যাপ ব্যবহার করেই সব অ্যাপের নোটিফিকেশন দেখা যায়। এ জন্য ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের নোটিফিকেশন একসঙ্গে পেতে ফেসবুক অ্যাপে নতুন একটি বৈশিষ্ট্য যোগ করা হয়েছে।
নতুন উদ্যোগের উদ্দেশ্য হলো, ফেসবুকের সুবিধাগুলোর ব্যবহার বাড়াতে উৎসাহিত করা এবং এ ধরনের সুবিধার মাধ্যমে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের নোটিফিকেশন চেক করাটাও সহজ হবে। নতুন এই সুবিধাটি পেতে ব্যবহারকারীদের মুঠোফোনে থাকা ফেসবুক অ্যাপটি হালনাগাদ করতে হবে। তারপর নিউজফিডের ওপরের ডান কোণে একটি ‘বৃত্ত’ আইকন দেখা দেবে। কোনো অপঠিত নোটিফিকেশন থাকলে তা ওই বৃত্তে দেখা যাবে।
এমনকি বৃত্তটির ওপর ক্লিক করে ব্যবহারকারীরা ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের যেকোনো একটিতে প্রবেশও করতে পারবেন। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম সিনেটকে দেওয়া এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানায়—ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যেন একটি নির্দিষ্ট জায়গা থেকেই সহজে সবগুলো পরিষেবাতে প্রবেশ করতে পারে, সে জন্য তারা বর্তমানে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তাই সবাই এখনই এই নতুন নোটিফিকেশন ব্যবস্থায় প্রবেশ করতে পারবে না।
মোখলেছুর রহমান সূত্র: সিনেট