
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের তাৎক্ষণিক বার্তা পাঠানো সেবা মেসেঞ্জারে পাওয়া যাবে অনলাইন লেনদেন সুবিধা। সম্প্রতি এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরেই অনলাইন লেনদেনের সেবা দেবে ফেসবুক—এমন আলোচনা হচ্ছিল। তবে ঠিক কী পদ্ধতিতে এ লেনদেন হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু অল্প সময় নয়, বরং অধিক অর্থ আয়ের বিষয়টির কথা মাথায় রেখে অনলাইনে লেনদেনের সুবিধাটি নিয়ে আসবে ফেসবুক। মূলত অনলাইনে কেনাকাটার হার বাড়ার কারণে অনেক দিন ধরেই এ বিষয় নিয়ে কাজ করছে ফেসবুক। বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে ইন্টারনেটের প্রসার যে হারে বাড়ছে সেই একই হারে বাড়ছে অনলাইনে পণ্য কেনাকাটার পরিমাণও।
বর্তমানে ফেসবুক মেসেঞ্জারের ২০ কোটির বেশি ব্যবহারকারীর জন্য অনলাইন লেনদেন চালু করা হবে। যদিও একই ধরনের সেবাদাতা অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে অনলাইনে লেনদেন পদ্ধতি চালু করেছে এবং সেগুলো বেশ জনপ্রিয়ও হচ্ছে। ধারণা করা হচ্ছে, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় লেনদেন পদ্ধতি পেপ্যালের সঙ্গে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতা করবে ফেসবুক। ফেসবুকের মেসেঞ্জার বিভাগে সম্প্রতি নিয়োগ পাওয়া পেপ্যালের ডেভিড মার্কাস এখন অনলাইন লেনদেনের বিষয়টি নিয়েই কাজ করবেন। আর ফেসবুক যে সত্যিকার অর্থেই অনলাইন লেনদেনের বিষয়ে চিন্তা করছে, সেটিও এ নিয়োগই প্রমাণ করে বলে অনেকেরই ধারণা।
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম