ফিউশন রহমান [email protected]
খবর: ফেসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার। গত ৩০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।
(লেখাটি রস+আলোয় প্রকাশিত হয়েছিল ২০১১ সালের ৯ মে তারিখে। কাল্পনিক লেখাটি বাস্তবে রূপান্তরিত হচ্ছে এত দিন বাদে! দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে পড়ছে? জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল!)
শর্তাবলি
ফেসবুকে রেজিস্ট্রেশন করা এখন অনেক সহজ। আগে ইন্টারনেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে গিয়ে গ্রাহককে নানা হয়রানির মুখে পড়তে হতো। বর্তমান নিয়মে ফেসবুকে রেজিস্ট্রেশন করার জন্য যা যা লাগবে— ১. বিটিসিএলের একটি স্থায়ী বৈধ ফোন সংযোগ। ২. সর্বশেষ পরিশোধিত ফোন অথবা গ্যাস বিলের সত্যায়িত কপি। ৩. চার কপি পাসপোর্ট সাইজের ছবি (ডিজিটাল ছবি গ্রহণযোগ্য নয়)।
রেজিস্ট্রেশন করার অনধিক ২৩ দিনের মধ্যে সদস্য হতে ইচ্ছুক গ্রাহকের স্থায়ী ঠিকানা বরাবরে ডিমান্ড নোট ইস্যু করা হবে। বিশেষ ফাইবার অপটিক কেব্লসহ ইন্টারনেট সংযোগ গ্রাহককেই নিজ খরচে সংগ্রহ করতে হবে।
জেনে রাখা ভালো, ফেসবুক সেবাটি ১৮ বছরের কম বয়সী কারও ব্যবহারের জন্য নয়। গ্রাহকের বয়স ১৮ বছরের কম হলে ভোটার আইডি কার্ড ও স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যানের সনদসহ প্রয়োজনীয় প্রমাণপত্র পেশ করতে হবে।
সরকারের ইতিবাচক কার্যক্রমসংক্রান্ত যেকোনো স্ট্যাটাস, নোট এবং অন্যান্য সেবায় আনলিমিটেড ‘লাইক’ প্রদান করা যাবে। তবে ব্যক্তিমালিকানাধীন অ্যাকাউন্টের স্ট্যাটাসসহ অন্যান্য সেবায় প্রতি ১০০টি ‘লাইক’-এর বিপরীতে ১০ শতাংশ হারে ভ্যাট পরিশোধ করতে হবে।
ভুলবশত বা স্মরণশক্তির অভাবে পাসওয়ার্ড হারানো গেলে ঢাকার মগবাজারে ফেসবুক প্রকল্পের কার্যালয়ে উপপরিচালক-১ বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।
গ্রাহকের সঙ্গে ফেসবুক-সংক্রান্ত যেকোনো যোগাযোগ শুধু ডাক যোগাযোগের মাধ্যমেই সম্পাদিত হবে। ই-মেইল বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগ সম্পূর্ণ অবৈধ বলে বিবেচিত হবে। এ ধরনের যোগাযোগের দায় গ্রাহককেই বহন করতে হবে।
লিখিত অনুমতি ছাড়া ফেসবুকের স্ট্যাটাস, ব্যক্তিগত তথ্য, নোট, বন্ধু তালিকাসহ সাইটের কোনো অংশের ব্যাকআপ নেওয়া বা ডাউনলোড করা যাবে না। এর অন্যথা ঘটলে তা ফৌজদারি আইনের লঙ্ঘন বলে গণ্য হবে। তবে গ্রাহক চাইলে লিখিত অনুমতি সাপেক্ষে কিছু অংশের প্রিন্ট নিতে পারবেন।