ফেসবুক লাইকে ব্যক্তিত্ব বোঝা যায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে লাইক দেওয়ার মাধ্যমে ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। সাধারণত ফেসবুকে কোনো মন্তব্যে কিংবা ছবি ভালো লাগলে লাইক বোতামে ক্লিক করেন ফেসবুক ব্যবহারকারী। বন্ধুদের মন্তব্য কিংবা ছবিতে দেওয়া লাইকের মাধ্যমই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জানার জন্য যথেষ্ট বলে জানান গবেষকেরা। সম্প্রতি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানান। ফেসবুক লাইক বিশ্লেষণ করে ব্যক্তিত্ব নির্ণয় করার এ পদ্ধতি নিয়ে গবেষণার পর সম্প্রতি পিএনএএস সাময়িকীতে এসব তথ্য প্রকাশিত হয়। প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, সামাজিক যোগাযোগে বর্তমানে নানা ধরনের ব্যবহারকারী রয়েছে। আর ফেসবুক ব্যবহারকারীদের লাইক দেওয়ার ধরন দেখে সঠিক ব্যক্তিত্ব নির্ণয় করা সম্ভব। শুধু বন্ধুদেরই নয়, রাজনীতি, ধর্মসহ ব্যক্তিগত নানা তথ্যের বিষয়ে লাইক দেওয়া দেখেই ওই ব্যবহারকারী সম্পর্কে সঠিকভাবে ধারণা করা সম্ভব। এর জন্য গবেষকেরা প্রায় ৫৮ হাজার ফেসবুক ব্যবহারকারীর ওপর গবেষণা চালিয়েছেন।গবেষকদের মতে, ব্যক্তি কেমন, তা যদি ফেসবুক লাইক থেকে জানা যায়, সে ক্ষেত্রে সেটি প্রতিষ্ঠানের ব্যবসার জন্য বেশ সহায়ক। তবে এটি ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তার জন্য বেশ ঝুঁকি বলেও মনে করছেন তাঁরা। গবেষক দলের প্রধান মিকায়েল কোশিনস্কি বলেন, এ ধরনের তথ্যের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রকাশ হওয়ার ভয় রয়েছে, যা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের মতোই। এ ক্ষেত্রে কেউ নিজের বিষয় সবার কাছে না জানাতে চাইলে ফেসবুকের প্রাইভেসি ব্যবস্থা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। —বিবিসি অবলম্বনে কাজী আলম