ফেসবুক লাইভে কুষ্টিয়া জেলা প্রশাসন
কুষ্টিয়া জেলা প্রশাসনের যেকোনো অনুষ্ঠান এখন থেকে ফেসবুকে প্রচার করা হবে। যেকোনো জায়গা থেকে কুষ্টিয়া ডিসি অফিসের ফেসবুক লাইভে কুষ্টিয়া-সংক্রান্ত সমস্যা জানালে তা সমাধানের চেষ্টাও করা হবে। গত বুধবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেন, ফেসবুক লাইভের মাধ্যমে জনগণ দ্রুত সেবা পাবে। ২০ হাজার অনুসারী নাগরিকদের সমস্যাগুলো তুলে ধরবে, সেসব সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মুজিব উল ফেরদৌস প্রথম আলোকে জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন বিষয়ে ফেসবুক লাইভ প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠান সরাসরি প্রচার করা হবে। যে কেউ মন্তব্য করে অভিমত প্রকাশ করতে পারবেন। অনুষ্ঠান শেষে ভিডিওটি ফেসবুক পেজে পাওয়া যাবে। সেখানেও অভিমত প্রকাশ করার সুযোগ থাকবে।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, সমৃদ্ধি, সম্পদ, সমস্যা, সম্ভাবনা, সংস্কৃতি, শিল্প, উন্নয়ন প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে।