ফেসবুক: যা এড়িয়ে চলা উচিত
ফেসবুক মানুষের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন এনেছে। মানুষ এখন আগের চেয়ে অন্যের কাছে অনেক বেশি প্রকাশ্য। সামনাসামনি দেখা হয়তো কম হচ্ছে, কিন্তু ফেসবুকের মাধ্যমে একে অন্যের মানসিক অবস্থা, চিন্তাভাবনার সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সম্যক। তাই যত দিন যাচ্ছে, ফেসবুকে ব্যবহার হয়ে উঠছে আগের চেয়ে কঠিন, আগের চেয়ে সমস্যাসংকুল।নিতান্ত মনের আনন্দেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আমাদের প্রবেশ। একটি অ্যাকাউন্ট খুলে কার্যক্রম চালাতে চালাতে এটি কখন যে জীবনঘনিষ্ঠ হয়ে উঠেছে, আমরা কিন্তু টেরই পাইনি। আর এ কারণেই ফেসবুক ব্যবহারে আগের চেয়ে অনেক বেশি সাবধান ও সচেতন হওয়ার সময় কিন্তু হয়ে গেছে।ভারতে কিছুদিন আগে একটি ‘ফেসবুক ট্র্যাজেডি’ ঘটে গেছে। হ্যাঁ, ওটা ছিল একটা ট্র্যাজেডিই! ঘটনাটা অনেকটা এ রকম, সদ্যই সাবেক হাওয়া প্রেমিকের ফেসবুক অ্যাকাউন্টে নিতান্ত কৌতূহলবশত ঢুকে মালিনী নামের ২৫ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণী বড় ধরনের ধাক্কা খান। তিনি দেখেন, তাঁর সদ্য সাবেক হওয়া প্রেমিক ফেসবুকের মাধ্যমে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ট্যাটাসে বিশেষ একটি বক্তব্য লিখে। বক্তব্যটি হলো, তিনি এবারের স্বাধীনতা দিবসে সত্যিকারের স্বাধীনতা অনুভব করছেন। কারণ, তিনি সদ্যই তাঁর জীবন অতিষ্ঠ করে দেওয়া প্রেমিকাকে ছুড়ে ফেলতে সক্ষম হয়েছেন। এই স্ট্যাটাস দেখে যারপরনাই দুঃখিত মালিনী বেছে নেন আত্মহত্যার ভয়ংকর পথ। একে ট্র্যাজেডি বলবেন না, তো কী বলবেন?এটা আমাদের একটা প্রবণতা। স্ট্যাটাসে যা মনে আসছে, তা-ই লিখে ফেলছি। মজা করতে গিয়ে হয়তো কোনো বন্ধুর ‘অপমানিত’ হওয়ার কারণ হচ্ছি। একবারও ভেবে দেখছি না, ফেসবুক একটা মাধ্যম, এক-দুই করে কমপক্ষে শ খানেক মানুষকে আমি বন্ধু বানিয়েছি, তাঁদের সামনে নিজেকে প্রকাশ করে রেখেছি। তাই একটি-দুটি মন্তব্য, বেফাঁস কথা নিজের ক্ষতিতো করছেই, ডেকে নিয়ে আসছে অপরের কোনো না কোনো সর্বনাশ।ফেসবুকে কিছু মানুষ আছেন, যারা নিজেদের মানসিক অবস্থা জাহির করার জন্য অতি ব্যস্ত থাকেন। বউয়ের সঙ্গে কি হয়েছে, আজ অফিসে কি হল-ইত্যাদি কথা-বার্তা ইনিয়ে-বিনিয়ে জানাতে পছন্দ করেন। যদি কেউ তার ব্যক্তিগত কোনো কথা মাইক ভাড়া করে সবাইকে না জানান, তবে কেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তা জানাতে হবে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানানো, আর রাস্তায় নেমে মাইক বাজিয়ে কোনো কথা সবাইকে জানানোর ব্যাপার কিন্তু একই। ফেসবুকে অ্যাকাউন্ট খুলে তা সকলের জন্য উন্মুক্ত করে রাখা কোনো সুবিধার কথা নয়। অনেকের অ্যাকাউন্টে ঢুকে যেকোনো অচেনা মানুষও ছবির অ্যালবামগুলো দেখতে পারে, বার্তা পাঠাতে পারে। ছবি নিয়ে পৃথিবীতে কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, তার সংবাদ আমরা প্রায়ই পাই। তাই অ্যাকাউন্ট খুলে তা কেবল নিজের মানুষগুলোর জন্য উন্মুক্ত রাখাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। ইদানিং ফেসবুকের অনেক ব্যবহারকারীদের যেকোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। ব্যাপারটি অন্যায় নয়। কিন্তু আমাদের একটা সমস্যা হল, আমরা অনেকেই যেকোনো কাজে সীমা লঙ্ঘন করতে পছন্দ করি। রাজনৈতিক বিষয় নিয়ে স্ট্যাটাস লিখে মাঝে-মধ্যে রাষ্ট্র বিরোধী কথা-বার্তাও আমরা লিখে ফেলি। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনা নিয়ে আবেগময় স্ট্যাটাস লিখতে গিয়ে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খোদ প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে ধিক্কারের পাত্র হয়েছেন। ব্যাপারটি অনেকটা এমন, রেডিও টেলিভিশন সংবাদপত্রে যদি ব্যক্তি আক্রমণ, রাষ্ট্রবিরোধী কথা-বার্তা গর্হিত বিষয় হয়, তাহলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এসব বিষয় কেন আসবে? সামাজিক যোগাযোগের ওয়েবসাইটও তো একটি গণমাধ্যম।একজন মানুষের ফেসবুকে নিজের কর্মক্ষেত্রের অনেকেই ‘বন্ধু বেশে’ থাকেন। এরা আসলেই বন্ধু কিনা, তা অবশ্য তর্ক-সাপেক্ষ। তবে পরিচিত হলেই তাঁদের ফেসবুকের বন্ধু তালিকায় অন্তর্ভুক্তি বর্তমানের দৈনন্দিন চর্চায় পরিণত হয়েছে। একবার নিজের ফেসবুকের বন্ধু তালিকাটায় চোখ বোলান। পেশাগত পরিচয়ের লোকজনই সেই তালিকার তিরিশ থেকে চল্লিশ শতাংশ জায়গা দখল করে আছে। বিপদটা কিন্তু এখানেই। ফেসবুকে নিজের কর্মক্ষেত্র নিয়ে মন্তব্য করার পর অফিসের মানব সম্পদ বিভাগ থেকে কারণ-দর্শানো নোটিশ হাতে এসেছে-এমন ঘটনা এখন আর বিরল কিছু নয়। তাহলে এর সমাধান কি? অফিসের সহকর্মীরাও ফেসবুকে থাকবে, ফেসবুকে বিভিন্ন মন্তব্য করা হবে। কিন্তু যে মন্তব্য কর্মক্ষেত্রের নীতিমালা পরিপন্থী সেসব মন্তব্য করা কেন? ওগুলো এড়িয়ে যাওয়াই বোধ হয় বুদ্ধিমানের পরিচয়।ফেসবুক একটি আনন্দময় জগত্। স্কুল জীবনে হঠাত্ অন্যত্র ভর্তি হয়ে চলে যাওয়া ছেলেবেলার বন্ধুটিকে কিন্তু ফেসবুকের মাধ্যমেই আপনি খুঁজে পেয়েছেন। তাহলে একে যোগাযোগের মাধ্যম হিসেবে দেখাই বোধহয় ভালো। দুই-একটা ছবি আপলোড করা, একটা দুটো মজার স্ট্যাটাস। অনলাইনে পরিচিত কাউকে দেখলে একটু খোশ গল্প করা-এটাই তো ফেসবুক। ইদানিং ফেসবুকের কারণে দাম্পত্য জীবনে কলহ, বিচ্ছেদ ইত্যাদি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। তার মানে, মানুষ এর সঠিক ব্যবহার করছে না। একে বিতর্ক বা অন্য কোনো গর্হিত কাজের জায়গা না বানিয়ে আনন্দ ভুবন বানিয়ে তোলা কিন্তু সকলের পক্ষেই সম্ভব। সাবধানে ব্যবহার করলেই কিন্তু একে আনন্দ ভুবন বানানো সম্ভব।